নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির কাজীপাড়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী বশির কাজীর নেতৃত্বে প্রতিপক্ষের ১২টি বাড়ি, ৫টি দোকান ভাংচুর ও লুটপাট করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে
গেছে। জানা গেছে, গত শুক্রবার বিকালে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ইতনা ইউপির পাংখারচর কাজীপাড়া গ্রামের সন্ত্রাসী বশির কাজীর নেতৃত্বে ইমরান কাজী, জামসেদ কাজী, বাসু কাজী, তোহিদ কাজীসহ ৫০/৬০ জন মিলে দেশীয় তৈরি ঢাল, সড়কি, রামদা, চাইনিজ কুড়ালসহ পার্শ্ববর্তী দক্ষিণ লংকারচর গ্রামের ইবাদত শিকদার, মনু শিকদার, মানিক শিকদার, মোহাম্মাদ শিকদার, ইশারত শিকদার, তোয়েব কাজীর বাড়ি ্এবং চরদৌলতপুর গ্রামের আজিবর মোল্যা, আতিয়ার মোল্যা, আকবার শেখ, সাফায়েত মোল্যার দোকানঘর ভাংচুর ও লুটপাট করে প্রায় ১০ লাখ টাকার মালামাল ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ সময় হামলা ঠেকাতে গিয়ে ১৫ জন আহত হয়। তাদেরকে লোহাগড়া, নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ বিশ্বাস জানান, এ ঘটনায় আজিবর মোল্যা ও ইবাদত শিকদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
