ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সদর উপজেলার রামরাইলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করেছে বাখরাবাদ গ্যাস কোম্পানি ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়। সোমবার রামরাইল ইউনিয়নের শ্রীরামপুর থেকে প্রায় চার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কোম্পানির ডিজিএম প্রকৌশলী জাহিদুর রেজা ও ম্যানেজার শফিকুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ বিচ্ছিন্নকরণ কার্যক্রম পরিচালনা করে।
স্থানীয়রা জানান, সাধারণ লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রায় চার হাজার ফুট গ্যাস লাইন অবৈধভাবে সংযোগ দেওয়া হয়। ওইদিন এক হাজার ফুট পাইপ উচ্ছেদ করা হয়। বাকি তিন হাজার ফুটের পাইপের উপর সিমেন্ট দিয়ে ঢালাই করে সিলগালা করা হয়। পর্যায়ক্রমে বাকি অবৈধ তিন হাজার ফুট পাইপ উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে বাখরাবাদের আঞ্চলিক কার্যালয়।
