গত ২০-৬-২০১৪ তারিখে জাতীয় সংসদে মাননীয় বাণিজ্যমন্ত্রী মারফত জানা যায় যে, মোট ৩৮টি প্রতিষ্ঠান বিভিন্ন নামে ফরমালিন আমদানি করে থাকে। ফরমালিনের বিভিন্ন রাসায়নিক নাম (জেনেটিক নেম) হচ্ছে: ১) প্যারা ফরম্যারডিহাইড, ২) পলিক্সিমিথেলিন, ৩) প্যারাফর্ম, ৪) ফরমাজিন ৫) ফরম্যাল, ৬) মরবিসিড, ৭) মিথালালডিহাউড।
দেশের জনস্বাস্থ্য বর্তমানে হুমকির মুখে। বাংলাদেশের বিজ্ঞানীগণ বলছেন, একজন শিশু অথবা বয়স্ক লোকের পেটে যদি ৫ বছর ফরমালিন প্রবেশ করে, তাহলে তার ক্যান্সার হবে। শব্দগত জেনেটিক নামের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন নামে এই ফরমালিন আমদানি করছেন। সরকারের অনুমতি নিয়ে এলসি খুলে সকল জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, সরকার কীভাবে এসব আমদানির অনুমতি দিচ্ছে?
বিভিন্ন নামে ফরমালিন আমদানি করে তা ফলমূল, শাকসবজি, মাছ ইত্যাদিতে ব্যবহার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার এখনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না কেন? ২৫/৩০ হাজার টাকা জরিমানা অথবা ৩ মাসের জেল- এটা কোনো শাস্তি হলো না। একজন আইনজ্ঞ বলেছেন, পেনাল কোডের ৩০২ ধারায় তাদের বিচার করা উচিত। আল্লাহপাক আমাদের সহায় হোন।
কামরুল ইসলাম খান,
মোহাম্মদপুর,
ঢাকা
