বাসাইল সদর ইউনিয়ন বিলুপ্তির প্রতিবাদে অবরোধ, মানববন্ধন

আপডেট : ২৮ জুন ২০১৪, ২১:৪৮
বাসাইল সদর ইউনিয়ন বিপুপ্তি করে পার্শ্ববর্তী ইউনিয়ন কাউলজানী ও কাঞ্চনপুর ইউনিয়নের সাথে ভাগ করে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে উপজেলার ঈশ্বরগঞ্জ, নাইকানী বাড়ী, মিরকিপুর, রাশড়া ও হান্দুলী পাড়াসহ বাসাইলের পূর্বাঞ্চলের মানুষ নাইকনী বাড়ীর মিয়াবাড়ি মোড়ে গত বৃহস্পতি ও শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা বাসাইল-সখিপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে সড়কের দুইপাশে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় সখিপুর ও টাঙ্গাইলগামী অসংখ্য যাত্রীরা পড়ে বিপাকে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধকারিরা আধাঘন্টা পর অবরোধ তুলে নেন। পরে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ব্যাপারে নাইকানী বাড়ীর সমাজসেবক রফিকুল ইসলাম বলেন, বাসাইল সদর ইউনিয়ন পুনর্বহালের দাবিতে আজ রবিবার টাঙ্গাইলের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হবে। উল্লেখ্য গত দেড় বছর আগে বাসাইল সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত ঈশ্বরগঞ্জ, নাইকানী বাড়ী, মিরকিপুর, রাশড়া ও হান্দুলী পাড়াসহ বাসাইলের পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা বাদ দিয়ে বাসাইলকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। তখন থেকে এলাকাটি বাসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পৌরসভা থেকে বাদ পড়ে যাওয়া গ্রামগুলির সাথে পার্শ্ববর্তী এলাকার আরও দু’একটি গ্রাম নিয়ে একটি নতুন ইউনিয়ন গঠন করার পক্ষে অভিমত ব্যক্ত করেন এলাকার বিবেকবান সুধীসমাজ।