বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
উপাচার্যের স্বেচ্ছাচারী ও অসৌজন্যমূলক আচরণ, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের প্রতি কটূক্তি, শিক্ষকদের পদোন্নতি, আপগ্রেডেশন ও শিক্ষাছুটি দেয়ার বিষয়ে নেতিবাচক মনোভাবের প্রতিবাদে শনিবার রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশাসনিক পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্যবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর কার্যালয়ে গিয়ে তার কাছে এই পদত্যাগপত্র জমা দেন। শিক্ষকরা উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন। প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাসহ অন্তত ২৫ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
পদত্যাগী শিক্ষকদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: মোরশেদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও সাইবার সেন্টারের পরিচালক ড. আবু কালাম মো: ফরিদ উল ইসলাম, একই হলের সহকারী প্রভোস্ট মোহাম্মদ রফিউল আজম খান, খন্দকার জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সহকারী প্রভোস্ট এইচএম তারিকুল ইসলাম, খন্দকার শারমিন আশরাফী। এছাড়াও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মো: জাহিদ হোসেন ও সহকারী প্রভোস্ট তাসনীম হুমাইদা রংপুরের বাইরে অবস্থান করায় পদত্যাগপত্র জমা দেননি। তবে তারা রংপুরে ফিরেই তাদের পদত্যাগপত্র জমা দিবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ন?ুর-উন-নবী জানান, প্রশাসনিক পদসমূহ থেকে কিছু শিক্ষকের পদত্যাগপত্র আমি হাতে পেয়েছি। আমি তাদের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিবো। তিনি বলেন, আমার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, রেজিস্ট্রার নিয়োগসহ যেসব বিষয়ে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা।
