প্রতি বছরের মত এবারও পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার। শনিবার নগরীর আগ্রাবাদ এলাকায় চেম্বার হাউস প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ সময় চেম্বারের অন্য নেতারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিপুল সংখ্যক নারী-পুরুষ প্রয়োজনীয় পণ্য ক্রয় করেন। জানা গেছে, চেম্বার প্রাঙ্গণের পাশাপাশি নগরীর প্রত্যেকটি ওয়ার্ডের ঘনবসতিপূর্ণও নিম্নবিত্ত মানুষের এলাকায় ২৭ রমজান পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ কার্যক্রমের আওতায় আতপ চাল প্রতি কেজি ২৫ টাকা, সিদ্ধ চাল ২৫ টাকা ও চিনি ৩৭ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে।
উদ্বোধনকালে চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বলেন, রমজানে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের উদ্দেশ্যে ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রয়ে চেম্বারের এই আয়োজন।
