ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাজেভাবে বিদায়ের কারণে পর্তুগাল দল দেশে ফিরে এলে তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোকে স্বাগত জানাতেও কেউ বিমান বন্দরে আগ্রহ বোধ করেনি।
পর্তুগাল বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন খেলার একটি জয় ও অপরটিতে ড্র করে চার পয়েন্ট পায়। রোনালদোর দল যুক্তরাষ্ট্রের সাথে পয়েন্টের সাম্যতায় থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ে শেষ ষোলয় জায়গা পায়নি। গোল ব্যবধানে এগিয়ে থাকায় তাদের টপকে ‘জি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোল নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপে নক্ষত্রের সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে চেনাতে ব্যর্থ হয়েছেন রোনালদো। ইনজুরি কাটিয়ে ওঠার পর দুই ম্যাচ খেলে একটি গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারের এমন পারফরম্যান্স বিরক্তিই জন্ম দিয়েছে ভক্তদের মধ্যে। লিসবন বিমানবন্দরে সব মিলিয়ে তাই মুষ্টিমেয় কিছু সমর্থককেই উপস্থিত থাকতে দেখা গেছে। যারা রোনালদোর মতো তারকাকে দেখার জন্য নিঃশব্দে অপেক্ষা করছিলেন। এ সময় সতীর্থ খেলোয়াড়দের বিদায় জানিয়ে ক্লান্তি ভরা শরীর নিয়ে একটি ভাড়ায় খাটা টেক্সির দিকে এগিয়ে যান তিনি। ব্যাগ নিয়ে এই টেক্সি চড়েই বিমানবন্দর ছাড়েন রোনালদো।
দেশে ফিরে বিশ্বকাপে নিষ্প্রভ পারফরম্যান্স দেখানোর অভিযোগ উড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন পর্তুগালের খেলোয়াড়রা। রোনালদো বলেছেন, ‘এটাই ফুটবল। মাথা উঁচু করেই বিশ্বকাপ শেষ করেছি আমরা। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। কিন্তু আমরা সফল হইনি।’ রোনালদোর সঙ্গে সুর মেলালেন ম্যানচেস্টার ইউনাইটেডের উইঙ্গার ন্যানিও, ‘আমাদের লক্ষ্য ছিল মাথা উঁচু রেখে বিশ্বকাপ শেষ করা।’
রক্ষণভাগের খেলোয়াড় পেপে বলেন, ‘পরের রাউন্ড নিশ্চিত করতে চেয়েছিলাম আমরা। চেষ্টাও করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটা সম্ভব হয়নি। আমরা অনেক লড়াই করেছি কিন্তু পরের রাউন্ডে যেতে পারিনি।’ তবে মিডফিল্ডার জোয়াও মটিনহো দুষলেন আবহাওয়াকে। মাত্রাতিরিক্ত তাপমাত্রার কারণে মানাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ড্র করতে হয়েছে বলে জানালেন তিনি, ‘তিরিশ মিনিট পরেই আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যদিও আমি জানি যে, এই কন্ডিশন সবার জন্যই সমান। তাই এটাকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। এই কন্ডিশনের সঙ্গে ক্যাম্পিনাসের (ব্রাজিলে পর্তুগালের ট্রেনিং ক্যাম্প) সঙ্গে অনেক মিল আছে।’ তাই বিশ্বকাপের দশ দিন আগে ব্রাজিলের পরিবর্তে যুক্তরাষ্ট্রে গিয়ে পর্তুগাল দলের অনুশীলনের সমালোচনা করেছেন মটিনহো।
