সিলেট প্রেসক্লাবে সংবাদ
সম্মেলনে রেজা কিবরিয়া
সিলেট অফিস
গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া মঙ্গলবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলেন, গণফোরামের সম্পাদকের দায়িত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। তিনি বলেন, ‘এই দলের আদর্শ এবং নেতৃত্ব আমাকে আকর্ষণ করেছে। আমি ড. কামাল হোসেনকে অনেক বছর থেকে চিনি। তিনি অক্সফোর্ডে ড. হোসেনের গবেষণা সহকারী হিসেবে কাজও করেছেন বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেন, ‘অর্থনীতির দুরবস্থা, আর্থিক বৈষম্য, পরিবেশ দূষণ, খাদ্য দ্রব্যে ভেজাল, শিক্ষার নিম্নমান, সাইবার সিকিউরিটি, বেকারত্ব বৃদ্ধি, কৃষিক্ষেত্রে হাহাকার, ব্যাংকিং খাতের অরাজকতা, শ্রমিকদের শ্রমের ন্যায্য মূল্য না দেওয়া, পরিবহন সেক্টরে মারাত্মক অরাজকতা, হত্যা, ধর্ষণ এবং যৌন অপরাধ ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া, মাদক ব্যবসা বৃদ্ধি, রোহিঙ্গা সমস্যা, ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের হয়রানি- এই সব বিষয় নিয়ে গবেষণা ভিত্তিক নীতি মালা তৈরি করতে হবে।’
তিনি তার পিতা শহীদ শাহ এ এম এস কিবরিয়ার একটি উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমার পিতা আমাকে একবার বলেছিলেন সবচেয়ে গরিব দেশের সবচেয়ে গরিব মানুষের স্বার্থ রক্ষা করা খুব কঠিন কাজ; কিন্তু সেটা করতে হয়।’ আমি সেভাবেই কাজ করে যাব। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা উল্লেখ করেন।
