সড়ক রক্ষণাবেক্ষণে দরিদ্র নারীদের জীবিকায়ন

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:০৭
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা থেকে দ্বাড়িয়াকান্দি তিন কিলোমিটার পাকা রাস্তার পাড় বাঁধছেন ১০ নারী শ্রমিক। কুলিয়ারচর উপজেলা উছমানপুর ইউনিয়নের বিভিন্ন সড়কে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের। পাশাপাশি উপজেলা সদরেও কাজ করছে তারা। আর এজন্য তারা দেড়শ’ টাকা মজুরি পান। এ অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের উপায় করে দিতেও চলছে প্রশিক্ষণের কাজ। কুলিয়ারচর উপজেলার একটি পৌরসভা ব্যতীত ছয়টি ইউনিয়নে মোট ৬০ জন নারী শ্রমিক এই কাজ করছে। রাস্তার পাড় বাঁধার কাজে নিয়োজিত উছমানপুর গ্রামের রিক্সাচালক আকবরের স্ত্রী ও নারী শ্রমিকের দলনেত্রী হুছনা বেগম জানান, তার স্বামী একজন রিক্সাচালক, তাদের তিন জন ছেলে-মেয়ে স্কুলে পড়ে। তাদের পড়াশুনার খরচ ও পরিবারের খরচ চালানোর জন্যই সে এ কাজে এসেছে। উপজেলা সি,ও ওয়াহিদা আক্তার বলেন, নারীদের দারিদ্র্য বিমোচনের জন্যই সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। কুলিয়ারচর উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব জানান, গত এপ্রিল মাস থেকে শুরু হয়ে এ কাজ চলছে। এ কাজের মেয়াদ চার বছর। দরিদ্র অসহায় এ নারীরা সড়ক রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে প্রতিদিন দেড়শ’ টাকা পাচ্ছেন। তাদের হাতে নগদ একশ’ টাকা দেয়া হচ্ছে। বাকি পঞ্চাশ টাকা সঞ্চয় করা হচ্ছে। চার বছর পর সঞ্চয়কৃত সমুদয় টাকা এককালীন পরিশোধ করা হবে।