শরীরের মধ্যে একজন গোয়েন্দা ঢুকে গেল
অথচ আমি শরীরদ্রোহী ফুলের মনোযোগ সাইরেন দিচ্ছি
একটা ঘোর হয়ে আসলে আর আমি হয়ে গেলাম নাটাই ছেঁড়া ঘুড়ি
আজ অনেকদিন পর আকাশ উড়ালাম
অথচ আকাশবাণী থেকে খবর আসলো
যে ঘোরের ভিতর ছিলাম তা মনের উপকূল অতিক্রম করে গেছে
আমি নিরন্তর একটা ঘুড়ি আকাশকে কাঁপিয়ে রাখি
এদিকে অনায়াসে বাদামের খোসার মতন ফেটে যাচ্ছে বিকেল আর
শহরের রোদের মতন প্রেম পুড়িয়ে দিচ্ছে ছায়ার শরীর
তুমি এবং তোমার মধ্যে ব্যবধান বেড়ে গেলে
অনায়াসে ফুটে যেতে পারে ব্যথাবাহী অন্ধকার অথবা শব্দরা
কাচের শরীরে চুমু দিলেই হয়ে যায় আয়না
আয়নার শরীরে ছুঁয়ে দিলে হয়ে যায় মুখোশ
