নারায়ণগঞ্জে নির্বাচন শান্তিপূর্ণ হলেও জাল ভোট পড়েছে

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪২
গত ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনে অনুষ্ঠিত উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ৩০ ভাগ ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের ঘটনা ঘটেছে বলে দাবী করেছে ২৭টি বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত নির্বাচন পর্যবেক্ষণ মোর্চা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইডব্লিউজির লিখিত বিবরণীতে বলা হয়, নির্বাচন ছিল অনেকাংশে শান্তিপূর্ণ। সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। কিন্তু বিপুলসংখ্যক ভোট জালিয়াতির ঘটনা ঘটেছে। ৩০ শতাংশ ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানের ঘটনায় নির্বাচনের সততা ক্ষুণ্ন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে। লিখিত বক্তব্যে সংস্থাটির পরিচালক আব্দুল আলীম বলেন, উপ-নির্বাচনে ১৪১টি কেন্দ্রের মধ্যে ৬০টি কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করেছিল ইডব্লিউজি। ব্যাপক-ভিত্তিক পর্যবেক্ষণে ইডব্লিউজি ভোটকেন্দ্র প্রস্তুতকরণ এবং খোলার সময়কাল, ভোটগ্রহণ কার্যক্রম, ভোটগ্রহণ কার্যক্রমের সমাপ্তি, ভোটগণনা এবং ভোটকেন্দ্রের ভেতরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। দৈবচয়ন পদ্ধতিতে পর্যবেক্ষণ করে দেখা গেছে, নির্বাচনে প্রদত্ত গড় ভোটের হার ছিল ৪৩.৫ শতাংশ। জাল ভোটের কারণে এই পরিসংখ্যানে ভোট প্রদানের প্রকৃত হারের প্রতিফলন ঘটেনি। নির্বাচনের দিন দুপুর ২টা পর্যন্ত ভোট প্রদানের হার ছিল ১০ শতাংশ। কিন্তু আড়াইটার পর থেকে ভোট প্রদানের এ ব্যবধান জ্যামিতিক হারে বেড়ে ৪০ শতাংশে রূপ নেয় বলেও অভিযোগ করে ইডব্লিউজি। লিখিত বক্তব্যে আরো বলা হয়েছে, কোন কোন কেন্দ্র থেকে পর্যবেক্ষণ সংস্থার পর্যবেক্ষকদেরও বেশ কিছু সময়ের জন্য বের করে দেয়া হয়। ১৪ শতাংশ কেন্দ্রে প্রার্থীর এজেন্টদের গণনা প্রক্রিয়া নিয়ে প্রতিবাদ বা আপত্তি করতে দেখা গেছে। ভোট গণনার পর ১৪ শতাংশ কেন্দ্রে নিয়ম অনুযায়ী ফলাফল টাঙিয়ে দেয়া হয়নি। এ ছাড়া ইডব্লিউজির একজন পর্যবেক্ষককে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে এবং আটজন পর্যবেক্ষককে গণনাকক্ষে ঢুকতে দেয়া হয়নি বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে গ্রুপের নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক নাজমুল আহসান কলিমঊল্লাহ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবারের ঐ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমান লাঙল প্রতীকে ৮২ হাজার ৮৫৬ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত নাগরিক ঐক্যের এসএম আকরাম আনারস প্রতীকে পান ৬৬ হাজার ১১৪ ভোট।