১৭ বছরেও নির্মাণ হয়নি মাধবপুর পৌর কার্যালয়

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪৩
মাধবপুর প্রথম শ্রেণীর পৌরসভা অথচ ১৭ বছরেও নির্মাণ হয়নি পৌর কার্যালয়। সমাধান হয়নি রাস্তাঘাট, পানি, গ্যাস আর বিদ্যুত্ সমস্যার। পৌরবাসীর নেই কোন বিনোদন ব্যবস্থা। সিলেট বিভাগের প্রবেশদ্বার খ্যাত মাধবপুরে ১৯৯৭ সালের ২ আগস্ট ৫টি মৌজার ১০টি গ্রাম নিয়ে গঠিত হয় মাধবপুর পৌরসভা। তত্কালীন অর্থমন্ত্রী প্রয়াত শাহ মোঃ কিবরিয়া এক জনসভায় মাধবপুর পৌরসভার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তত্কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম মমিনুল ইসলামকে দায়িত্ব দিয়ে শুরু হয় মাধবপুর পৌরসভার কার্যক্রম। ১৯৯৯ সালের ১০ মার্চ মাধবপুর পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন শাহ মোঃ মুসলিম। এ পৌরসভার লোকসংখ্যা ২১ হাজার ৯৩০ জন। মাধবপুর পৌরসভাকে ২০১২ সালের ৪ অক্টোবর প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয় অথচ নির্মাণ হয়নি নিজস্ব পৌরসভা কার্যালয়। শুরু থেকেই সাবেক আদালত ভবনের একাংশে চলছে পৌরসভার কার্যক্রম। মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহা জানান, সম্প্রতি মাধবপুর উপজেলা পরিষদ থেকে ৬০ শতক ভূমি ক্রয় করে মাধবপুর পৌর ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে। প্রায় ৬০ ভাগ পৌরবাসীর মধ্যে বিদ্যুত্ ও গ্যাস সরবরাহ সম্ভব হলেও নলকূপ ব্যতীত বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা এখনো করা সম্ভব হয়নি। মাধবপুর পৌরসভার অধিকাংশ এলাকা নিম্নাঞ্চল হওয়ায় প্রতিবছর বন্যা ও বর্ষার পানিতে রাস্তাঘাট ভেঙ্গে পৌরবাসীর চলাচলে বিঘ্ন ঘটায়। সরকারি নির্দেশনা রয়েছে উন্নয়নের ১০ ভাগের বেশি মাটির কাজ করা যাবে না। বাস্তবে উন্নয়ন বরাদ্দের পুরো টাকা মাটির কাজে ব্যয় করলেও মাটি ভরাটের কাজ শেষ হবে না। মাধবপুর পৌরসভার উন্নয়নে ৪টি বিদেশি প্রকল্পের মাধ্যমে ৬ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টাকার কার্যক্রম চলছে এবং ১০ কোটি ৭০ লাখ টাকার প্রস্তাবিত প্রকল্প রয়েছে। আরো কিছুদিন সময় পেলে মাধবপুর পৌরসভার সকল সমস্যা সমাধান করা যাবে বলে হিরেন্দ্র লাল সাহা জানান।