বগুড়ায় নিখোঁজ হবার দু’দিন পর এক ছাত্রের লাশ করতোয়া নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের জয়পুরপাড়া এলাকায় টিএমএসএস স্কুলের পিছনে করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাঈম হাসান সুমন (২৩) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র এবং শহরের মালগ্রাম দক্ষিণ পাড়া এলাকার নাসিম পারভেজের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাঈম বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে স্থানীয় লোকজন নদীতে যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এসময় নদীর কিছু দূর উজানে থেকে একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ নাঈমের বলে শনাক্ত করে ।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নাঈম বৃহস্পতিবার বিকেলে শহরের মাটিডালি এলাকায় করতোয়া নদীর ব্রিজ থেকে নদীতে সাইকেল ফেলে দেয় এবং আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাপিয়ে পড়ে ডুবে যায়।
