স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী এক বছরের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। কারাগারে বন্দীদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে তোলা হচ্ছে। যাতে করে তারা মুক্ত জীবনে ফিরে এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান করতে পারে। কাশিমপুর কারাগারে কোন বন্দী নির্যাতনের ঘটনা নেই। এখানকার কারা পরিবেশ খুব ভালো।
গতকাল শনিবার বিকালে গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী পুনর্বাসন প্রশিক্ষণের জন্য কারা ডিজিটাল প্রিন্টিং প্রেসের উদ্বোধন শেষে প্রেসব্রিফিংএ সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের অন্যতম অভিযুক্ত নূর হোসেনকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এগিয়ে চলছে। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা এক ঘন্টাও সময় নষ্ট করছি না। যেহেতু বিষয়টি দু’দেশের ব্যাপার তাই একটু সময় লাগছে। তিনি বলেন, কারা হাসপাতালে চিকিত্সক সংকট রয়েছে। এ সংকট দূর করতে খুব শিঘ্রই এ কারাগারে প্রয়োজনীয় সংখ্যক চিকিত্সক নিয়োগ দেয়া হবে। বন্দীদের যেন পিজি হাসপাতাল বা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে না নিয়ে এখানেই চিকিত্সা দেয়া যায় তার ব্যবস্থা করা হবে।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপি, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত আইজি (প্রিজন) কর্নেল ইফতেখারুল ইসলাম, ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন গোলাম হায়দার, ডিআইজি হেড কোয়ার্টার টিপু সুলতান, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আব্দুল বাতেন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল, সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
