শৈলকুপায় গরুর দুধের দরপতন

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪৭
ঝিনাইদহের শৈলকুপায় গরুর দুধের দরপতনে গাভী পালনকারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক লিটার পানি এবং এক লিটার গরুর দুধ প্রায় সমান সমান দরে বিক্রি হচ্ছে। ব্রিটিশ আমল থেকে শৈলকুপায় সকাল-বিকাল দুধের হাট বসে। আগে গৃহস্থ মাটির ভাড়ে করে দুধ এনে বিক্রি করত। এখন প্লাস্টিকের বোতল ও এ্যালুমিনিয়ামের কলসে করে দুধ এনে বিক্রি করে। শৈলকুপা ছাড়াও গাড়াগঞ্জ, কাতলাগাড়ি ও হাট ফাজিলপুরে দুধের হাট বসে। দৈ মিষ্টি তৈরিকারিরা এ দুধের প্রধান ক্রেতা। বাজারে তারা না এলে দর পড়ে যায়। শৈলকুপার দুধের বাজারগুলোতে প্রতিদিন দু’হাজার লিটার দুধ বিক্রির জন্য আসে। কিন্তু বর্তমানে এত দুধের চাহিদা নেই। প্রতি লিটার গরুর দুধ ২৫ / ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরদিকে গো খাদ্যের দাম চড়ে গেছে। এক কেজি গমের ভুষি ২৮ টাকা, এক কেজি চালের খুদ ২৫ টাকা, এক আঁঁটি কাঁচা ঘাস ২০ টাকা ও এক আঁঁটি খড় ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে। গাভী পালনকারিরা জানান, একটি উন্নত জাতের গাভী পালন করতে দৈনিক দু / আড়াই’শ টাকার গো খাদ্য লাগে। ১০ কেজি দুধ হলে বিক্রি করে দু’শ থেকে আড়াই’শ টাকা আয় হয়। এতে গাভী পালনকারিদের লাভ হচ্ছে না।