মিরপুরে ঝুটবস্তির দুইশ ঘর পুড়ে গেছে

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪৯
রাজধানীর মিরপুরে ঝুটবস্তিতে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় দুইশ’ ঘর পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের মতে, পুড়ে যাওয়া ঘরের সংখ্যা একশটি। অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ তিনজন আহত হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ঢাকা অঞ্চল) জহুরুল আমিন জানান, মিরপুর-১০ নম্বরের জি ব্লকের ঝুটবস্তিতে দুপুর পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় বেলা সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস দাবি করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, তারা সবাই নিম্ন আয়ের মানুষ। অগ্নিকাণ্ডের সময় বাস্তির বেশির ভাগ লোকই কাজে বাইরে ছিলেন। হঠাত্ করেই আগুন লেগে সারা বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনে বস্তির প্রায় সাড়ে চারশ ঘর পুড়ে গেছে। ষড়যন্ত্র করে বস্তিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা বলে তারা দাবি করেন। আগুনে বস্তিবাসির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। বেশির ভাগ বস্তিবাসিই ঘর থেকে কোন মালামাল বের করতে পারেনি। মালামালের পাশাাপাশি অনেকের পুড়ে গেছে তিলতিল করে জমানো নগদ টাকাও। চানমিয়া নামে এক ভুক্তভোগী জানান, বস্তিতে একটি সমবায় সমিতি রয়েছে। শুক্রবার সমিতির দুই লাখ টাকা এনে তিনি বাসায় রাখেন। আগুন লাগার পর খবর শুনে এসে দেখেন তার ঘর দাউ দাউ করে জ্বলছে। নিজের মালামালের পাশাপাশি সমিতির দুই লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। ঘর পুড়ে যাওয়ায় এখন তার মতো অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান করছেন বলে তিনি জানান।