রাজশাহী সিটি কলেজে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৫

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৪৯
একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রমে প্রভাব খাটানোর ঘটনায় শনিবার রাজশাহীর সরকারি সিটি কলেজে পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ কনস্টেবলসহ অন্তত ৫ জন আহত হয়েছে। এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তির কন্ট্রোল রুম, অধ্যক্ষ ও উপাধক্ষ্যের অফিসসহ ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর চালিয়ে ভর্তির কার্যক্রম বন্ধ করে দেয়। অভিযোগ উঠেছে, আগামী ৩০ জুন ভর্তির কার্যক্রম শেষ হবে। কিন্তু তার আগেই পছন্দের শিক্ষার্থীদের ভর্তির জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন রবিন দাবি করেছেন, ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘন্টাব্যাপী ভর্তির কার্যক্রম বন্ধ ছিলো। পরে ভর্তির সময়সীমা ১ ঘন্টা বাড়িয়ে বিকাল ৫টা পর্যন্ত করা হয়েছে। ছাত্রলীগের বিরুদ্ধে আনা অভিযোগের কোন সত্যতা নেই বলেও দাবি করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে ৩০ জুনের ভেতরে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে। কিন্তু ছাত্রলীগ নেতাকর্মীরা চাচ্ছিল যে কোন উপায়ে ভর্তি করে দিয়ে শেষ দিনে তাদের প্রার্থীদের দিয়ে বাকি আসন পূরণ করতে। একারণে ইচ্ছাকৃতভাবে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কলেজে ভাংচুর চালায়। এতে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ভর্তি কার্যক্রম শুরু করলেও শিক্ষার্থীরা ভয়ে আর আসেনি। সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কবিরুল ইসলাম বলেন, পুলিশের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের ঝামালের জের ধরে কলেজে ভাংচুর চালালে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসময় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভয়ে এদিক সেদিক পালাতে থাকে। পরে সোয়া ৩টায় পুনরায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। যথাসময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে কলেজ কর্তৃপক্ষ আন্তরিক রয়েছে বলে জানান তিনি।