ঐতিহ্যবাহী রথযাত্রা আজ

আপডেট : ২৮ জুন ২০১৪, ২২:৫৬
হিন্দু সমপ্রদায়ের অন্যতম ধর্মীয় উত্সব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ রবিবার শুরু হচ্ছে। প্রতিবছর চন্দ আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্রতম ধর্মীয় উত্সব। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশ বিখ্যাত। গাজীপুরের জয়দেবপুরে এই রথযাত্রা মাণিক্যমাধবের রথযাত্রা নামে পরিচিত। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রথযাত্রার ব্যাপক প্রচলন রয়েছে। রথযাত্রা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন তারা। জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকার ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ শুরু হচ্ছে। ইসকনের স্বামীবাগ আশ্রমে আলোচনা সভা শেষে সেখান থেকে রথসহ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। তিনটি সুবিশাল রথসহ এ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে। তাঁতীবাজারে জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরে আজ জগন্নাথ দেবের রথযাত্রা উত্সব হবে। তাঁতীবাজার থেকে রথযাত্রা শুরু হয়ে শিবমন্দির, ইসলামপুর, সদরঘাট, ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, ইংলিশ রোড ঘুরে তাঁতীবাজারে রথ প্রাঙ্গণে শেষ হবে।