জাল

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:২৬

ক্ষয়িষ্ণু চন্দ্রের মতো ক্রমে নিভে আসে কেরোসিন কুপি

শেষ নিশ্বাসের মতো ধপধপ শব্দে নিউরন জুড়ে নেমে

আসে গহিন রাত, তখন মস্তিষ্কের কোষময় হেঁটে চলে

একজোড়া কালো কুকুর যারা ভূমিকম্প পূর্বাভাস দেয়,

মধ্যরাতে স্বভাবসিদ্ধ অমঙ্গল হাক, প্রেতাত্মার ছলকান্না

বটভূতের দেঁতো হাসিসমেত এই বৃন্তে ঝুলে থাকে দুটি

শিশু ফুল, যার একটি সম্পূর্ণতাপূর্ণ হয় গর্ভধারণে অন্যটি

দল বিসর্জনে শাপগ্রস্ত, সুপ্তাবস্থাপন্নতাই তার পরিণতি!

সৃষ্টি ও বিসর্জন ব্যাখ্যাতীত গোপন রহস্যাবৃত ফুলকলি,

ক্রমে অনাবৃত করে আপন শরীর, বয়ানবিহীন পরিচিতি!

 

সীমাবদ্ধ জ্ঞানের প্রজাপতিরা জন্ম রং-এ দীর্ঘজীবী হোক

অযুত আয়ু অর্জনের যুদ্ধে আমি একাই যাব...!!