স্থানীয় উদ্যোগে কোটি টাকায় নির্মিত হচ্ছে বাঁশগাড়ী কলেজ

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৩৬
রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে স্থানীয় সামাজিক উদ্যোগে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বাঁশগাড়ী কলেজ। ফলে পাল্টে যাচ্ছে শতবছরের অবহেলিত দুর্গম চরাঞ্চল হিসেবে খ্যাত দেশের বৃহত্ উপজেলা রায়পুরার চরাঞ্চলের ৬টি ইউনিয়নের জীবনযাত্রার মান। জানা যায়, দীর্ঘদিনের অবহেলিত বাঁশগাড়ী, চরমধুয়া, মির্জারচর, শ্রীনগর, পাড়াতলী, চানপুর, নিলক্ষাসহ এসব চরাঞ্চলে গত ৫/৭ বছরের মধ্যে পর্যায়ক্রমে রাস্তা-ঘাট, বিদ্যুতের পাশাপাশি স্থানীয় সামাজিক উদ্যোগে বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের জন্য দান করা একশ’ শতক জমির উপর কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বাঁশগাড়ী কলেজ। চলতি বছরের মার্চ মাসে কলেজটির নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যে প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করছেন উদ্যোক্তারা। প্রথমাবস্থায় ২৬ জন শিক্ষক নিয়োগ সম্পন্ন হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে ২৫০ জন শিক্ষার্থী পাঠদানের ব্যবস্থা রয়েছে। পর্যায়ক্রমে আসন সংখ্যা বাড়ানো হবে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।