ভারী বর্ষণের ফলে গতকাল রবিবার পানিমগ্ন হয়ে গেছে বগুড়া শহর এবং শহরতলীর বিস্তীর্ণ এলাকা। বগুড়া শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এদিকে বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে চাপা পড়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ নিহত এবং ২ জন আহত হয়েছে। টানা বর্ষণে পানিবন্দি হয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়ি। শহরের ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় পানি নামছে ধীরগতিতে। ফলে জলাবদ্ধাতার কারণে পথচারীরা পড়েছে চরম দুর্ভোগে। এছাড়াও বগুড়ার কাহালু, দুপচাঁচিয়াসহ বেশ কয়েকটি উপজেলার ৩ শতাধিক পুকুর তলিয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার মাছ বের হয়ে গেছে বলে হ্যাচারী মালিকেরা জানিয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান জানান, বৃষ্টির কারণে শহরের বৃন্দাবনপাড়ায় ঘরের দেয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্বপ্না বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী আব্দুল মতিন এবং শাশুড়ি সাহেরা বেগম গুরুতর আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
