রমজানের শুরুতেই বিদ্যুত্ বিপর্যয়ের মুখে পড়েছেন সিলেটের বিদ্যুতের গ্রাহকরা। বিদ্যুত্ লাইনের মেরামত ও সংস্কারের অজুহাতে প্রায়ই নগরীর বিভিন্ন এলাকা কয়েক ঘণ্টা বিদ্যুত্হীন থাকে। নির্ধারিত সময় পার হলেও বিদ্যুত্ সরবরাহ না হওয়ায় গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। এই রমজানেও বিদ্যুত্ সরবরাহ নিয়ে শংকা প্রকাশ করেছেন অনেকেই।
এদিকে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ হয়েছে। নগরীর প্রাণকেন্দ জিন্দাবাজার এলাকায় গত শনিবার রাত ৮টার দিকে ব্যবসায়ীরা জিন্দাবাজার পয়েন্টে সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে নেয়া হয়।
বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১,২,৩ এর আওতাধীন বিভিন্ন এলাকার গ্রাহকরা দুর্ভোগ পোহাচ্ছেন কয়েকমাস আগে থেকেই। প্রতিবাদে গ্রাহকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর এমনকি বিদ্যুত্ বিভাগের লোকদের সাথে অশোভন আচরণও করা হয়। এ নিয়ে কোনো কোনো এলাকায় বিদ্যুত্ বিভাগের লোকদের সাথে গ্রাহকদের সম্পর্ক দাঁড়িয়েছে অনেকটা ‘সাপে নেউলে’। মূলত এখন গ্রাহক ও বিদ্যুত্ বিভাগের লোকের মধ্যে আস্থা ও বিশ্বাস উঠে গেছে। যান্ত্রিক ত্রুটি-বিচ্যুতির বিষয়টিও এখন গ্রাহকরা বিশ্বাস করতে চান না।
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুতের দাবিতে সিলেটের প্রাণ ও ব্যবসা কেন্দ জিন্দাবাজারে গ্রাহকরা সড়ক অবরোধ করলে অবস্থা বেগতিক হয়ে পড়ে। পরে রাত ১০টায় বিদ্যুত্ সরবরাহ চালু হলে লোকজন অবরোধ তুলে নেয়। চলমান বিশ্বকাপ খেলা, ভ্যাপসা গরম এবং রমজানে বিদ্যুতের বিপর্যয় জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের বক্তব্য:এটি লোডশেডিং নয়। যান্ত্রিক ত্রুটি। পরিস্থিতি মোকাবিলায় তারা কাজ করছেন বলে দাবি করেন।
