রথযাত্রা উত্সব শুরু

আপডেট : ২৯ জুন ২০১৪, ২১:৪৫
যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে গতকাল রবিবার সারাদেশে রথযাত্রা উত্সব শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। কয়েকটি স্থানে মেলা চলবে এক সপ্তাহ ধরে। জগন্নাথ দেবের রথের টানে অংশ নেন ভক্তবৃন্দ। ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, বর্ষ পরিক্রমার অমোঘ নিয়মে ফিরে এসেছে ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব দেবের শুভ রথযাত্রা উত্সব। অগণিত ভক্ত-দর্শকের উপস্থিতিতে গতকাল রবিবার ধামরাইয়ে শুরু হয়েছে রথযাত্রা। হাজার হাজার ভক্ত দর্শক এ রথ টানে অংশগ্রহণ করে। এ সময় ধামরাইয়ের প্রধান সড়ক ও দু’পাশের ভবনের ছাদে ঠাঁই ছিল না। উল্টো রথ টান হবে আগামী ৭ জুলাই। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক। এ ছাড়াও ছিলেন এএসপি রাসেল শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল লতিফসহ অনেকে। সভাপতিত্ব করেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অবঃ)। আমাদের শেরপুর প্রতিনিধি জানান, গতকাল দুপুরে শেরপুরে রথযাত্রা উত্সব পালিত হয়। এ উপলক্ষে গোপালবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে প্রায় শতবর্ষ পুরাণো পুষ্পরথটি ভবতারা কালি মন্দির পর্যন্ত সংকীর্ত্তনসহ টেনে নিয়ে যাওয়া হয়। মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন ধর্মের ২০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার উপজেলা সদরে কালিবাড়ি রোডে মেলার আয়োজন করা হয়। নেত্রকোনা প্রতিনিধি জানান, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে গতকাল রবিবার নেত্রকোনা শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়ে বড়বাজারে এসে শেষ হয়। এ উপলক্ষে আখড়া প্রাঙ্গণে বসে হস্তশিল্পও কারুশিল্পের মেলা। মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, মুক্তাগাছার ঐতিহ্যবাহী ৫৬ প্রহর মাঠে গতকাল রথযাত্রা উত্সব শুরু হয়েছে। এ উপলক্ষে কীর্তন পাঠের আয়োজন করা হয়। মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উত্সব গতকাল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মাগুরা শহরের সাতদোহা লেংটা বাবাজীর আশ্রম প্রাঙ্গণে বসে মেলা। নওগাঁ প্রতিনিধি জানান, শ্রদ্ধা ও উত্সবপূর্ণ আমেজে বুঁড়া কালিমাতা পূজামণ্ডপে গতকাল সকালে শুরু হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে মণ্ডপ প্রাঙ্গণে বসেছে হিন্দু ভক্তদের মিলন মেলা। চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, চৌমুহনীসহ বেগমগঞ্জের একাধিক স্থানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, উত্সব মুখর পরিবেশে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উপলক্ষে গতকাল বিভিন্ন স্থানে রথ টানা ও মেলার আয়োজন করা হয়। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ভোগবেতাল গ্রামে রথ উপলক্ষে পাখি মেলা বসলে বন বিভাগ তা বন্ধ করে দেয়। বন সংরক্ষক তপন কুমার দে জানান, বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী বনের পশু পাখি ক্রয় বিক্রয় নিষিদ্ধ।