সিলেটে ছাত্রদল নেতা জিল্লুল খুনের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:৩০
সিলেট মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক খুনের ঘটনায় বিএনপি-ছাত্রদলের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহত জিল্লুর বড় ভাই আহমেদ হাসান মাহবুব বাদী হয়ে সিলেট কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ রহমত জানান, মামলায় সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সমপাদক ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব কাদির শাহীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মদন মোহন কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ, ছাত্রদল নেতা কালা জামাল, গাজী লিটনসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিলেট নগরীর পাঠানটুলায় ছাত্রদলের দুই গ্রুপের কোন্দলের জের ধরে প্রতিপক্ষ জিল্লুকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পর পুলিশ রামদাসহ সায়েম আহমদ ও ফরিদ আহমদ নামের দুই ছাত্রদল কর্মীকে আটক করে। কোতয়ালী থানার ওসি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।