উপাচার্যের একক সিদ্ধান্তে অবৈধভাবে নিয়োগ পাওয়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এটিএম এমদাদুল আলম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের অনুমোদন না পাওয়ায় এবং তার বিরুদ্ধে আন্দোলনের মুখে পদত্যাগ করে রংপুর ছেড়েছেন। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুমোদন না দেয়ায় এবং শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনের কারণে রেজিস্ট্রার পদত্যাগ করে তার কর্মস্থল ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন।
সিন্ডিকেট সভায় একেবারেই নবীন শারীরিক শিক্ষা বিভাগের সহকারী রেজিস্ট্রার মোর্শেদুল ইসলাম রণিকে রেজিস্ট্রার (অতিরিক্ত) দায়িত্ব দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিয়োগের শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল জলিল মিয়া এই সহকারী রেজিস্ট্রারকে নিয়োগ দিয়েছিলেন এবং তার এই নিয়োগ ছিল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম অবৈধ নিয়োগ। সূত্র মতে, সাবেক উপাচার্য প্রফেসর জলিল এবং সাবেক রেজিস্ট্রারের দায়িত্বে থাকা শাহজাহান মণ্ডলের বিরুদ্ধে গত ১২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) যে মামলা হয়েছে, সেই মামলার এজাহারেও অনিয়মের মাধ্যমে এই সহকারী রেজিস্ট্রার নিয়োগের বিষয়টি উল্লেখ রয়েছে।
