গ্রামে ডাক্তাররা ঠিকমত থাকছেন কিনা, দেখার দায়িত্ব এমপিদের

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:৪০
গ্রামাঞ্চলে ডাক্তাররা ঠিকমত হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত থাকছেন কি-না তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল রবিবার সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাসের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য চাওয়া বরাদ্দের ওপর কয়েকজন এমপির ছাঁটাই প্রস্তাবের বিরোধিতা করে তিনি একথা বলেন। ছাঁটাই প্রস্তাব আনা এমপিদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংসদ সদস্যরা নিজ এলাকার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিচালনা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। আপনারাই দেখবেন ডাক্তার আছে কি নাই। এটা দেখার দায়িত্ব আমার নয়, আপনাদের। যদি ডাক্তাররা ঠিকভাবে দায়িত্ব পালন না করেন, আমার কাছে আপনারা অভিযোগ করুন। আপনাদের অভিযোগের প্রেক্ষপটে আমি শতভাগ ব্যবস্থা নেব। তবে ডাক্তার রাখার দায়িত্ব আপনাদেরই নিতে হবে। এই প্রসঙ্গে মোহাম্মদ নাসিম আরও বলেন, বিশ্বের কোথাও নেই যে, সরকার প্রধান বা সংশ্লিষ্ট মন্ত্রী এগুলো দেখছেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চালান এমপিরা। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা কমিটির মাসে দুটি মিটিং করার কথা রয়েছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য মন্ত্রীর চাওয়া বরাদ্দের বিরোধিতা করে ছাঁটাই প্রস্তাব দেয়া বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) শওকত চৌধুরী বলেন, এই টাকা বরাদ্দ দিয়ে লাভ নেই। গ্রামে ডাক্তার থাকেন না। আমার পরিবারের ১১ জন সদস্য ডাক্তার। আমি জানি ডাক্তারদের কি দায়িত্ব। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাওয়া বরাদ্দের বিরোধিতা করে ছাঁটাই প্রস্তাব দেন স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী ও জাপার নূরুল ইসলাম মিলন।