কালিয়াকৈরে ট্যাপের পানি পান করে চার শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:৪০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ইকোটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ট্যাপের পানি পান করে দুই দিনে চার শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে বলে জানা গেছে। অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়েছে। প্রতিদিনের মতো গত শনিবার সকালে কাজে যোগদান করে ঐ কারখানার শ্রমিকরা। দুপুরের খাবারের পর ট্যাপের সরবরাহকৃত পানি পান করার কিছুক্ষণের মধ্যেই ৫-৭ জন শ্রমিকের পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। ধীরে ধীরে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিত্সা দেয়ার পর ছুটি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ ব্যাপারে আলাপকালে শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার ট্যাপের পানি পান করেই তারা অসুস্থ হয়ে পড়ে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা নাদিম আহম্মেদ দুই দিনে কিছুসংখ্যক শ্রমিক অসুস্থতার কথা নিশ্চিত করে বলেন, অসুস্থ শ্রমিকদের প্রাথমিক চিকিত্সার পর ছুটি দেয়া হয়েছে। তবে কারখানার বাহিরের খাবার খেয়েই শ্রমিকরা অসুস্থ হয়েছে বলে দাবী করেন তিনি। শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।