রমনা বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার মামলার মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের (ডেথ রেফারেন্স) নথি সুপ্রিম কোর্টে এসেছে। বৃহস্পতিবার বিকালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত হতে এ মামলার রায়, কেস ডকেটসহ নথিপত্র রেজিস্ট্রার কার্যালয়ে এসে পৌঁছায়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম ইত্তেফাককে জানান, এসব নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠিয়ে দেয়া হয়েছে। এখন সালের ক্রম অনুযায়ী পেপারবুক প্রস্তুত হবে। পেপারবুক প্রস্তুত হলেই ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হবে।
রমনা বটমূলে ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১০ ব্যক্তি নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলায় গত ২৩ জুন আদালত মুফতি আবদুল হান্নান মুন্সী ওরফে আবুল কালাম ওরফে আবদুল মান্নান, মাওলানা আকবর হোসাইন ওরফে হেলাল উদ্দিন, মুফতি আ:হাই, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার ও মুফতি শফিকুর রহমানকে দণ্ডবিধির ৩০২/১২০বি ধারায় এবং অভিযুক্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও আরিফ হাসান সুমনকে একই আইনের ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড দেয়। একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৫ আসামিই পলাতক রয়েছেন। আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। উল্লেখ্য, কোন ফৌজদারি মামলায় নিম্ন আদালত কাউকে ফাঁসি দিলে ওই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে হলে হাইকোর্টের অনুমোদন লাগে।
