ব্যাংকে মাঝে-মধ্যেই জালিয়াতি হয়, বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

আপডেট : ২৯ জুন ২০১৪, ২২:৪২
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ব্যাংকিং খাতে মাঝে-মধ্যেই জালিয়াতির ঘটনা ঘটে। সমপ্রতি সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনা ঘটেছে। ব্যাংকিং খাতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জালিয়াতি বন্ধে যেসব পদক্ষেপ নেয়া হয়েছে, অতীতে কেউ এসব কথা চিন্তাই করতে পারেনি। গতকাল রবিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পাসের আগে অর্থ মন্ত্রণালয়ের জন্য চাওয়া বরাদ্দের বিরোধিতা করে কয়েকজন এমপির ছাঁটাই প্রস্তাবের জবাবে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ব্যাংক জালিয়াতির ঘটনায় আমরাই প্রথম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী ব্যবস্থাপনা পরিচালককে বিচারের কাঠগড়ায় এনেছি। এই খাতের জালিয়াতি বন্ধের দায়িত্ব আমি নিয়েছি। তিনি বলেন, ব্যাংকিং খাতে জালিয়াতি নিয়ে সংসদ সদস্য ও মিডিয়াগুলো দায়িত্বশীল ভূমিকা রাখছে। তারা আমাকে এ ব্যাপারে সচেষ্ট হওয়ার কথা বলেছেন। তাদের দাবিগুলো যৌক্তিক। তাই এগুলো আমলে নিয়ে জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে। মুহিত আরও বলেন, বেসিক ব্যাংকে জালিয়াতির জন্য ওই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে ডিসমিস করা হয়েছে। ব্যাংকটির পরিষদকে নতুন করে গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। খুব শিগগিরই এটা দেখা যাবে। সংসদ সদস্য ও সংবাদ মাধ্যমের সচেতনতার কারণে শুধু সরকারই এ বিষয়ে সাবধান হবে তা নয়, যারা দুর্নীতি করে তাদের জন্যও এটা সর্তকবার্তা।