ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দেশে পর্যায়ক্রমে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিএনপির সাংগঠনিক দুর্বলতা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। তিনি গতকাল ফরিদপুরের টিআইবি-সনাক কার্যালয় পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
গতকাল বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ফরিদপুরের টিআইবি কার্যালয়ে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন, সচেতন নাগরিক কমিটি-সনাক, ‘সজন’, ‘ইয়েস গ্রুপ’ ও ইয়েস ফ্রেন্ডদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, টিআইবি সরকারের সাথে অনেক বিষয়েই নিবিড়ভাবে একযোগে কাজ করে যাচ্ছে। অনেক সময় সরকারের কোনো কোনো মন্ত্রী টিআইবি নিয়ে বিরূপ মন্তব্য করেন, এটি কাম্য নয়। টিআইবি সম্পর্কে ভালোভাবে জেনে মন্তব্য করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
ড. ইফতেখারুজ্জামান তার বক্তব্যে আরও বলেন, সরকারের অনুমোদন নিয়েই টিআইবি দীর্ঘদিন ধরে নিজেদের উদ্যোগে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরজন্য প্রয়োজনীয় অর্থও আসছে বৈধভাবে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে।
