ক্ষমা চাইলেন রোবেন!

আপডেট : ৩০ জুন ২০১৪, ২০:০৯
মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি আদায়ের লক্ষ্যে ‘ডাইভ’ দেয়ার জন্য ক্ষমা চেয়েছেন আরিয়েন রবেন। তবে ম্যাচের ফল নির্ধারক পেনাল্টি এনে দেয়া ফাউলটিতে তিনি ডাইভ দেননি বলেই দাবি নেদারল্যান্ডসের এই উইঙ্গারের। গত রবিবার ফরতালেজার স্ট্যাডিও কাস্তেলাওয়ে যোগ করা সময়ে রাফায়েল মার্কেস ডি বক্সে রবেনকে ফাউল করলে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইয়ান ক্লাস হান্টেলার। ২-১ গোলে জিতে শেষ আটে ওঠে নেদারল্যান্ডস। ম্যাচ শেষে মেক্সিকো কোচ মিগেল এররেরা অভিযোগ করেন, ম্যাচে রবেন তিনবার ডাইভ দেন। পরে ডাচ একটি টেলিভিশন চ্যানেলকে রবেন বলেন, ‘আমার ক্ষমা চাওয়া উচিত। প্রথমার্ধে আমি একটি ডাইভ দিয়েছি। শেষেরটা কিন্তু পেনাল্টিই ছিল।’