নেত্রকোনা সরকারি কলেজে বাধার মুখে দ্বিতীয় দিনেও ভর্তি বন্ধ

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:০১
নেত্রকোনা সরকারি কলেজে গতকাল সোমবারও ছাত্রলীগের কতিপয় নেতার বাধায় একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম বন্ধ রয়েছে। গতকালই জরিমানা ছাড়া ভর্তির শেষ দিন ছিল। কলেজ অধ্যক্ষ ভর্তির কার্যক্রম শুরুর উদ্যোগ নিলে ছাত্রলীগ নামধারী কতিপয় নেতা তাদের তালিকা অনুযায়ী ভর্তি করার জন্য অধ্যক্ষকে চাপ দিলে তিনি ভর্তি করতে অপারগতা প্রকাশ করলে ছাত্রলীগের নেতাদের হুমকির মুখে ভর্তি কার্যক্রম দ্বিতীয় দিনের মত বন্ধ করে দেন। এর আগে গত রবিবার কলেজের অধ্যক্ষ একাদশ শ্রেণিতে অপেক্ষমাণ তালিকা হতে ভর্তির কার্যক্রম শুরু করলে ছাত্রলীগের নেতারা তাতে বাধ সাধে। অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে ছাত্রলীগের নেতারা অসৌজন্যমূলক আচরণ করে। এর প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন করতে চাইলে ছাত্রলীগের কর্মীরা তাতেও বাধা প্রদান করে। কলেজে থমথমে অবস্থা বিরাজ করছে। কলেজের অধ্যক্ষ এএনএম মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, অপেক্ষমাণ তালিকার বাইরে কাউকে ভর্তির কোন সুযোগ নেই। শতাধিক শিক্ষার্থীকে ভর্তি করার কথা রয়েছে। কলেজের কিছু নেতৃস্থানীয় ছাত্র ভর্তি কার্যক্রমে বাধা দিচ্ছে। আর এ কারণে ভর্তি বন্ধ রয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সল আহমেদ খান রনি জানান, কলেজে ভর্তির ব্যাপারে ছাত্রলীগের কেউ বাধা দিচ্ছে না।