ব্রিটিশ কাউন্সিল ও সিআইইউ’র সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:০২
দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও বৃটিশ কাউন্সিলের মধ্যে গত রবিবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সিআইইউর পক্ষে উপ-উপাচার্য ড. ইরশাদ কামাল খান এবং ব্রিটিশ কাউন্সিলের পক্ষে পরিচালক (পার্টনারশিপ এবং প্রোগ্রামস) রবিন ডেভিস, সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। জানা গেছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে সিআইইউ ও বৃটিশ কাউন্সিল যৌথভাবে চট্টগ্রামে আধুনিক ও উন্নতমানের প্রযুক্তি নির্ভর গ্রন্থাগার সেবা প্রদান করবে। এই গ্রন্থাগারটি ব্রিটিশ কাউন্সিল-সিআইইউ লাইব্রেরি হিসেবে আত্মপ্রকাশ করবে। সিআইইউ ক্যাম্পাসে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের উপর সাত হাজার বই, সাময়িকী এবং ডিভিডি’র সমাবেশ ঘটাবে বৃটিশ কাউন্সিল। এছাড়া এর সদস্যরা ৭০ হাজার ডিজিটাল বই, ১৪ হাজার ই-জার্নাল এবং আর্কাইভসে প্রবেশের সুযোগ লাভ করবেন। পার্টনার প্রতিষ্ঠান ছাড়াও চট্টগ্রামের সকল শিক্ষাপ্রতিষ্ঠান মেম্বারশিপের মাধ্যমে গ্রন্থাগার সেবা পাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিআইইউ উপ-উপাচার্য ড. ইরশাদ কামাল খান আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে চট্টগ্রামে একটি সমৃদ্ধ গ্রন্থাগারের যাত্রা শুরু হল। ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে রবিন ডেভিস বলেন, চট্টগ্রামবাসীর জন্য একটি আধুনিক লাইব্রেরি উপহার দিতে পেরে আমরা আনন্দিত।