আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় গুটি ও আশ্বিনা আমকে কেন্দ্র করেই গড়ে ম্যাংগো পাল্প কারখানা। কর্মসংস্থান হয়েছে শত শত দক্ষ-অদক্ষ নারী-পুরুষের। এইসব কারখানার পাল্প থেকেই সারা বছর দেশ-বিদেশে যাচ্ছে বিভিন্ন নামের জুস।
আব্দুল মোনায়েম লিমিটেডের নয়াগোলা বিসিক শিল্প নগরীর ম্যাংগো পাল্প কারখানা, ভোলাহাটের আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের পাল্প কারখানা, বোয়ালিয়ায় চাঁপাই্ এগ্রো প্রোডাক্টস মার্কেটিং কোম্পানী ও নাটোরে প্রাণ কোম্পানীর পাল্প কারখানায় সিংহভাগ গুটি ও আশ্বিনা আম চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন হাটবাজার থেকে সংগ্রহ করে পাল্প তৈরি করা হয়। উন্নতজাতের আমের দাম বেশি হওয়ায় গুটি এবং আশ্বিনা আমের পাল্প বা জুস তৈরি করা হয়।
এই জেলায় কল্যাণপুর হর্টিকালচার সেন্টারে রয়েছে ভারতের আমদানি করা রত্না, বিশ্বনাথ চ্যাটার্জি, ভাসতারা, সুবর্ণরেখা, সিন্ধু, নীল উদ্দিন, মিক্সটস্পেশাল, অরুণা, কাজলা এবং চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে রয়েছে ফিলিপাইন ও ফ্লোরিডার রাংগুয়াই, ইরউইন, কেইট, কেন্ট, জিল, রুবি, কালাবাউ, পাহুথান এবং পালমা। বিদেশি জাতের এইসব আম থেকেই ওইসব দেশে পাল্প তৈরি করে জুস তৈরি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলার জুসের জন্য প্রসিদ্ধ আমের নাম গুটি আম। টক মিষ্টি স্বাদের আমের নামই গুটি আম। এ ছাড়া নাবী জাতের আশ্বিনা আম থেকে যে পাল্প তৈরি করা হয় প্রকৃতপক্ষে এই পাল্পই হলো আসল আশ্বিনা আমেরই পাল্প।
