সংবাদ সংক্ষেপ

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:০৩
মির্জাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদের মধ্যে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর উপজেলার কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু । সহকারী কমিশনার নাসরিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক ছানোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার ইসমাইল হোসেন, উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির, মীর্জা শামিমা আক্তার শিফা, টাঙ্গাইল জেলা অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শেখ মোঃ মুজাহিদ নোমানী ও প্রধান অতিথি মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ। খুঁড়িয়ে চলছে মহেশপুরের ৫০ শয্যা হাসপাতাল মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ৫০ শয্যা মহেশপুর হাসপাতালের সকল কার্যক্রম। দেখার কেউ নেই। জানা গেছে, মহেশপুর হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তাসহ ডাক্তার থাকার কথা ২১ জন, তার মধ্যে হাসপাতালে আছে মাত্র ৪ জন ডাক্তার। মহেশপুর ১২টি ইউনিয়নে ১২ জন ডাক্তার থাকার কথা আছে সেখানে মাত্র ১ জন ডাক্তার রয়েছে। মহেশপুর উপজলো বৃহত্তর একটি উপজেলা এখানে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক মানুষের বসবাস। পর্যাপ্ত ডাক্তার ও ওষুধ না থাকার কারণে রোগীদের ভোগান্তি এখন চরমে। মহেশপুর হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ তাহাজ্জেল হোসেন জানান, চিকিত্সকের স্বল্পতার কারণে হাসপাতালে রোগীদের মানসম্মত চিকিত্সা ব্যাহত হচ্ছে। এলাকাবাসী সরকারের স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। হোমনায় মাদক সম্রাজ্ঞী ও আন্তঃজেলা সিএনজি চোর গ্রেফতার হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ উপজেলার জয়পুরে গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি কামরুজ্জামান সিকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার জয়পুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও আমদানি নিষিদ্ধ ১০ক্যান বিয়ারসহ তাছলিমা আক্তার রুবিকে (৩৮) গ্রেফতার করে। সে জয়পুর গ্রামের মো. জামাল হোসেনের স্ত্রী। এদিকে একই রাতে থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বাবরকান্দি গ্রামে অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করা হয়। ওসি জানান, রুবি থানার দু’টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং লিটন হবিগঞ্জ থানার সিএনজি চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রুবিকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে ও লিটনকে হবিগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। মিঠাপুকুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (সার্কেল-বি) হাসান আবু নাছের রিকাবদার। অনুষ্ঠানে মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন হেনা মেমোরিয়াল মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাজানুর রহমান খাজা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামানিক, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি হাশেম মন্ডল, সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, দফাদার কামরুজ্জামান প্রমুখ। মীর্জাগঞ্জে জেলেদের মাঝে সাইন জাল বিতরণ মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল সোমবার মীর্জাগঞ্জ উপজেলা মত্স্য বিভাগের স্থানীয় অডিটরিয়ামে জাটকা আহরণে বিরত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলার অনুমোদিত ৪০ জন জেলেদের মাঝে প্রত্যেককে ২১ কেজি ৭৩৯ গ্রাম করে সাইন জাল উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মত্স্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক ড. একে, এম আমিনুল হক ও জেলা মত্স্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। মহাদেবপুরে তিন দফা দাবিতে আদিবাসীদের পদযাত্রা মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ সমতলের আদিবাসীদের পৃথক ভূমি কমিশনসহ ৩ দফা দাবিতে গণ পদযাত্রা করেছে জাতীয় আদিবাসী পরিষদ। বেসরকারি উন্নয়ন সংগঠন ব্র্র্যাকের আর্থিক সহযোগিতায় জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির উদ্যোগে গতকাল সোমবার গণ পদযাত্রা শুরু হয়ে দীর্ঘ ১৪ কিলোমিটার পায়ে হেঁটে তিন শতাধিক আদিবাসী নারী-পুরুষ নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায়। পরে তারা জেলা প্রশাসকের কাছে সমতলের আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসীদের উপর নির্যাতন বন্ধ ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ গণ পদযাত্রা শুরুর আগে নওহাটা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর প্রমুখ। কলমাকান্দায় কোর্ট মসজিদে ১৪টি সিলিং ফ্যান প্রদান কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার কলমাকান্দায় গতকাল সোমবার কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ উপজেলা পরিষদ কোর্ট মসজিদে ১৪টি সিলিং ফ্যান প্রদান করেছেন। কোর্ট মসজিদের ইমাম মৌলান আলহাজ্ব লুত্ফুর রহমান মুছুল্লীদের উপস্থিতিতে ১৪টি ফ্যান গ্রহণ করেন। এ সময় সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন কলমাকান্দা প্রেসক্লাব সেক্রেটারী ফখরুল আলম খসরু, যুবলীগ নেতা ইসমাইল সিরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মেহেরপুরে দুঃস্থদের মধ্যে যাকাতের টাকা বিতরণ মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মধ্যে যাকাতের টাকা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫ জন গরীব অসহায় ও দুঃস্থ’র মাঝে ২৫ হাজার ৫শ’ টাকা বিতরণ করেন। এসময় জেলা ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক কাজী আবু হুরায়রা, জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ আনছার-উদ্দীন বেলালী প্রমুখ উপস্থিত ছিলেন । লালমনিরহাটে খাদ্যে ভেজাল বিরোধী মানববন্ধন লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল সোমবার সকাল ১০টায় রমজান মাসের প্রথম দিন লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে ‘স্বাস্থ্য আমার অধিকার, জীবন বাঁচাতে খাদ্যে ভেজাল প্রতিরোধ করুন’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম শফিকুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা শাপলা, টিআইবি’র এলাকা ব্যবস্থাপক কমল কান্ত সাহা, আরডিআরএস-এর ঊর্ধ্বতন নারী অধিকার কর্মকর্তা দিলরুবা পারভিন, ব্রাক-এর প্রতিনিধি আরিফুল ইসলাম এবং দিশা’র নির্বাহী পরিচালক রেশমা খাতুন প্রমুখ। কিশোরগঞ্জে মাগুড়া ইউনিয়নের বাজেট ঘোষণা কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে গতকাল রবিবার বিকালে মাগুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৪-২০১৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার হোসেন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমান, আরো উপিস্থিত ছিলেন নাছিরুর রহমান, উপ-পরিচালক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা। এসময় বক্তারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাজেট ঘোষণার সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাকুন্দিয়ায় সার ও বীজ বিতরণ পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আমন প্রণোদনা প্রকল্পে ৬৩৫ জন ক্ষুদ্র প্রান্তিক চাষির মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. লিয়াকত হোসেন খান প্রমুখ। প্রত্যেক চাষিকে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এনএপি, ৫ কেজি উফশী আমন ও ১০ কেজি করে নেরিকা ধান বীজ বিতরণ করা হয়। বিরামপুরে ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস পালন বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলার সাঁওতালরা র্যালি, সমাবেশ ও সিধু-কানুর অস্থায়ী স্মৃতি মিনারে মাল্যদানের মাধ্যমে গতকাল সোমবার ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস পালন করেছে। নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গ্রাম বিকাশ, আরডিআরএস’র সহযোগিতায় এবং মাঞ্জিহী পরিষদ, ইউনিয়ন পারগানা পরিষদ ও আদিবাসী স্টুডেন্ট ফাউন্ডেশন দিবসটি পালন করে। মহিলা কলেজ মাঠে উপজেলা আদিবাসী ফেডারেশন সভাপতি কেরোবিন হেমরমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, পৌর মেয়র আজাদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ, ওসি মমিনুল ইসলাম, অধ্যক্ষ শিশির কুমার সরকার, এনডিএফ’র ম্যানেজার আব্দুস ছামাদ, গ্রাম বিকাশের ম্যানেজার আতাউর রহমান, আদিবাসী নেতা কমল কিসকু, পল্টু হাঁসদা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। কোটালীপাড়া পৌরসভার বাজেট ঘোষণা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় ২০১৪-১৫ অর্থবছরে ২৯ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম পৌরসভার সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা করেন। মোট বাজেটের আয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা, ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ টাকা ও উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৫ লাখ টাকা। বাজেট ঘোষণার সময় প্যানেল মেয়র অলিউর রহমান হাওলাদারসহ কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুলিয়ারচরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার লক্ষ্যে গত রবিবার বিকাল ৫টায় কুলিয়ারচর থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানার ওসি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সু্পার আবু সায়েম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল মিল্লাত। বক্তব্য রাখেন যুবলীগ নেতা কিবরিয়া, ছাত্রলীগ নেতা কায়কোবাদ, যুবদল নেতা বাবুল, সাংবাদিক আহমেদ ফারুক, মুক্তিযোদ্ধা হারুন, কবি নাঈমুজ্জামান প্রমুখ। মুক্তাগাছা পৌরসভার বাজেট ঘোষণা মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল সোমবার ৩০ জুন মুক্তাগাছা পৌরসভার ২০১৩- ১৪ সংশোধিত এবং ২০১৪- ১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে সর্বমোট আয় ৭৮ কোটি ৩০ লাখ ৮৬ হাজার ৫শ’ টাকা, সর্বমোট ব্যয় ৭৭ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৬২২ টাকা, উন্নয়ন ব্যয় ৬৯ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৩৯৮ টাকা এবং সমাপনী স্থিতি ৪৯ লাখ ৭৮ হাজার ৮৮২ টাকা ঘোষণা করা হয়। পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করেন মেয়র মো. আব্দুল হাই আকন্দ। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সোহরাবউদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, সচিব মো. ইউনুস আলী প্রমুখ। ময়মনসিংহে মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত জেলা ও উপজেলা কমান্ডের সকল কর্মকর্তাকে অভিষেক ও সংবর্ধনা প্রদান করেছে। অনুষ্ঠানের শুরুতে ফুল ও সনদপত্র দিয়ে প্রশাসনের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়। গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত জেলা কমান্ডার আনোয়ার হোসেন, সাবেক কমান্ডার নাজিমউদ্দিন আহম্মেদসহ উপজেলা কমান্ডের সকল কমান্ডাররা এতে বক্তব্য রাখেন। দাউদকান্দিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল সোমবার দাউদকান্দি মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ উর রহমান, সহকারী কমিশান (ভূমি) মাসুদ উর রহমান মোল্লা। এতে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম সরকার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব ও বিশিষ্ট ব্যবসায়ী বশিরুল আলম মিয়াজী প্রমুখ। দুমকীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা দুমকী (পটুয়াখালী) সংবাদদাতা \ দুমকী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অফিসার ইনচার্জ দুমকী থানার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ, বিশেষ অতিথি ছিলেন লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার শিকদারসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এর পূর্বে দুমকী উপজেলার দুমকী এ.কে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ৩৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাজেদা বেগম, অধ্যক্ষ জামাল হোসেন, প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন ও সাংবাদিক মোঃ জাকির হোসেন প্রমুখ। গাজীপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত গাজীপুর প্রতিনিধি \ মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকাল সোমবার গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। বক্তব্য রাখেন সদর সার্কেলের এএসপি মো. মনোয়ার হোসেন, জয়দেবপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাষ্টার, ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু প্রমুখ। সাতক্ষীরার আশাশুনি থেকে বনদস্যু আটক সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা বাজার থেকে গতকাল সোমবার দুপুরে স্থানীয় জনতা নিহার আলী নামে (৩০) এক বনদস্যুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সে খুলনা জেলার কয়রা উপজেলার ভাণ্ডারপোল এলাকার ছেলে। স্থানীয় জনতা ও পুলিশ জানায়, বনদস্যু নিহার আলীসহ তার ৭/৮ জন সঙ্গী খুলনার দাকোপ থানার বটকুপ এলাকা থেকে গত রবিবার সকালে যশোরের ব্যবসায়ী বিল্লাল হোসেনকে মুক্তিপণের দাবীতে অপহরণ করে। গতকাল সোমবার দুপুরে তারা ট্রলার থামিয়ে খাজরা বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য নামে। এ সময় অপহূত বিল্লালের আর্তচিত্কারে স্থানীয় জনতা ছুটে যায় ট্রলারটির দিকে। পরে তারা নিহারকে আটক করে এবং বিল্লালকে তাদের কাছ থেকে মুক্ত করে। মাদারীপুরে ন্যাশনাল ই-সার্ভিস ও জাতীয় পোর্টাল সংক্রান্ত সভা মাদারীপুর প্রতিনিধি \ মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটু-আই কনসালটেন্ট আলতাফ হোসেন শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন, জেলা তথ্য অফিসার দিপঙ্কর বর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, জেলা আইসিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট বারিউল করিম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান খান প্রমুখ। মতবিনিময় সভায় জেলার ইউনিয়ন উদ্যোক্তা ছাড়াও সুশীল সমাজের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহে দুর্যোগ সহনশীল নগর প্রকল্প উদ্বোধন ময়মনসিংহ প্রতিনিধি \ ময়মনসিংহ পৌরসভা ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ্ আয়োজিত দুর্যোগ সহনশীল নগর প্রকল্প উদ্বোধন করেন পৌর মেয়র ইকরামুল হক টিটু। তিনি বলেন, ময়মনসিংহে দুর্যোগ সহনশীল নগর প্রকল্প বাস্তবায়নে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন কাজ করবে অক্সফাম। ২ বছর মেয়াদি দুর্যোগ সহনশীল নগর প্রকল্প ময়মনসিংহের ৬টি ওয়ার্ডে ও ৬টি বস্তিতে বর্জ্র ব্যবস্থাপনা, পানি ও পয়ঃনিষ্কাশনের কাজ করবে এ প্রকল্প। গতকাল সোমবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে কর্মশালায় সাংবাদিক, শিক্ষকসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ পৌরসভা ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাব সেক্রেটারী আতাউল করিম খোকন, জেলা শিক্ষা অফিসার সামছুল হক প্রমুখ। বাকৃবির বাজেট ১৫৬ কোটি ৯০ লাখ টাকা বাকৃবি সংবাদদাতা \ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ১৫৬ কোটি ৯০ লক্ষ টাকার বাজেট পাস হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণিত চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ওই বাজেট নির্ধারণ করে দিয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪-১৫ অর্থ বর্ষের রিকাস্ট বাজেট বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন কর্তৃক সরকারি অনুদান হিসেবে ১৪৯ কোটি ৯০ লক্ষ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে আয় হিসেবে ৭ কোটি টাকাসহ মোট আয় ধার্য করা হয়েছে ১৫৬ কোটি ৯০ লক্ষ টাকা। বাজেটে বেতন-ভাতাদি খাতে ৯৪ কোটি ৫৫ লক্ষ টাকা, পেনশন খাতে ৩৬ কোটি টাকা এবং কন্টিনজেন্সী খাতে ২৬ কোটি ৩৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। কালিয়াকৈরে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ আহত ১০ কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওমান পশ্চিমপাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে এক খণ্ড বিতর্কিত জমির দখল নিয়ে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। ভাওমান পশ্চিমপাড়া গ্রামের আজগর আলী গ্রুপের সাথে পার্শ্ববর্তী উত্তর হিজলতলী গ্রামের শিপন গ্রুপের সাথে ওই সংঘর্ষ হয় বলে সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান মিন্টু জানান। আহতদের মধ্যে জয়তন নেছা (৬৫), রাজন চন্দ্র শিকদার (২৫), সুভাষ চন্দ্র শিকদার (৫৫), সানোয়ার হোসেন (৩৫) ও মফিজ উদ্দিন (৪০) কে মুমূর্ষু অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ নায়েবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।