বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৩০
উজান থেকে ধেয়ে আসা পানিতে চোখের পলকেই তলিয়ে গেছে তিস্তা পাড়ের বিস্তীর্ণ এলাকা। সোমবার সকাল থেকেই তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলে দেয়া হয়েছে ব্যারেজের সব গেট। পানি উন্নয়ন বোর্ডের ডালিয়াস্থ তিস্তার বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, উজানের ঢলে “তিস্তা ব্যারাজ” ডালিয়া পয়েন্টে সোমবার ভোর ৬টায় পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টার পর থেকে ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর ডালিয়াস্থ নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, কোন পূর্ভাবাস ছাড়াই উজানের দেশ ভারতীয় কর্তৃপক্ষ গজলডোবা ব্যারাজের গেট খুলে দেয়ায় হুহু করে পানি ধেয়ে আসছে ভাটির দিকে। ফলে পরিস্থিতি মোকাবেলায় তিস্তা ব্যারাজের উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। আকস্মিক ঢলে তিস্তা পাড়ের ডিমলা উপজেলার কিসামত ছাতনাই, ঝাড়সিংহেরশ্বর, দোহলপাড়া, পূর্ব-ছাতনাই, পশ্চিম ছাতনাই এবং জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ি, গোলমুন্ডা ও শৌলমারী ইউনিয়নের তিস্তা ডান তীর বাঁধের ভিতরে বসবাসকারী কয়েক হাজার মানুষ হাঁটু পানিতে আটকা পড়েছে।