বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মিরপুরে যুবক খুন
কুষ্টিয়ার মিরপুরে গত রবিবার রাত দেড়টায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা মামুন গাজী (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহমূলকভাবে স্থানীয় ইউপি সদস্য জিহাদ আলী নামে একজনকে পুলিশ আটক করেছে।
সদরপুরে অটো চালকের লাশ উদ্ধার
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর-তালমা সড়কের ঠেঙ্গামাড়ি গ্রাম থেকে জাকির হোসেন (২০) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, তাকে শ্বাসরোধে হত্যা করে অটোবাইক ছিনতাই করে নিয়ে যায়। লাশের গলায় হলুদ রঙের লাইলন দড়ি বাঁধা ছিল।
পবায় ব্যবসায়ী খুন
রাজশাহীর পবা উপজেলার শিতলাই বাইশ বিঘা এলাকায় গত রবিবার রাত ১১টায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আমির আলী (৪৫) নামে এক মুরগি ব্যবসায়ী খুন হয়েছেন। রাতে মুরগি কিনে ফেরার পথে শিতলাই বাইশ বিঘা এলাকায় দুর্বৃত্তরা তার ওপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি জানান, ধারণা করা হচ্ছে আমির আলীকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পবা থানায় মামলার প্রক্রিয়া চলছে।
