বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ভালুকায় দুইজনের মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। মহাসড়কের সিডস্টোর এলাকায় গতকাল সোমবার যাত্রীবাহী বাসের চাপায় শাহাজাদা (৩০) নামে একজন ঘটনাস্থলেই মারা যান।
এদিকে রবিবার রাতে একই সড়কের বাগড়াপাড়া এলাকায় ট্রাকের চাপায় রফিকুল ইসলাম মির্জা (৪০) নামে শাহান কালার মিলের এক সিকিউরিটি মারা গেছেন।
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায়
মা ও মেয়ে নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ এলাকায় গতকাল রবিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় এক শিশুসহ মা নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, মাকসুদা বেগম (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (৪)। আহতরা হলেন, রঞ্জু মিয়া ও আব্দুল মোন্নাফ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মির্জাপুরে নারী নিহত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কাটরা এলাকায় গতকাল সোমবার সকালে যাত্রীবাহী বাস উল্টে খাদে পরে অজ্ঞাত পরিচয় এক মহিলা নিহত ও শিশুসহ ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী ও মির্জাপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি যুবাইদুল আলম জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি সকাল সাতটায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়।
আহত আহিলা বেগম ও আবু হোসেন বলেন, শুরুতেই চালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। নিহত মহিলাও তাদের সঙ্গে কাজ করতে ঢাকা আসছিল। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পানছড়িতে আগুনে
দুইজনের মৃত্যু
খাগড়াছড়ির পানছড়িতে গত রবিবার রাত ১০টায় মরাটিলা এলাকায় আগুন পুড়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, শান্তি রানী ত্রিপুরা (৪৮), উত্তরী ত্রিপুরা (১২)
স্থানীয় ও পুলিশ জানায়, ঘরে কেরোসিনের বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়ায় তা থেকে আগুনে তারা পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত পরিবারকে পানছড়ি সাব জোন থেকে পাঁচ হাজার টাকা সহায়তা প্রদান করেছে।
নীলফামারীতে গৃহবধূর আত্মহত্যা
নীলফামারীর সদর উপজেলার টুপামারী আলুপাড়ায় পারিবারিক কলহের জেরে গতকাল সোমবার নূর হোসনা (৩৫) নামে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আব্দুল হকের স্ত্রী নূর হোসনা শেষ রাতে সেহেরিও খায়। সকালে যথারীতি কাজকর্ম করে। এরই ফাঁকে রান্না ঘরে গলায় দড়ি দেয় নূর হোসনা।
রাজীবপুরে সাপের কামড়ে একজনের মৃত্যু
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার চররাজীবপুর বটতলা এলাকায় গতকাল রবিবার রাতে ওমেদ আলী (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান।
নওগাঁয় পানিতে ডুবে
শিশুর মৃত্যু
নওগাঁর আত্রাই উপজেলার বড় সিমলা গ্রামে গতকাল সোমবার পানিতে ডুবে সাদিয়া আকতার জুঁই (২) নামে এক শিশু মারা গেছে। দাদীর সাথে দোকানে মালামাল কিনতে গিয়ে পাশের খালে পড়ে গিয়ে সাদিয়া মারা যায়।
সিরাজগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে
ছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে গতকাল সোমবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে নিয়ামুল হক (১৫) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে স্থানীয় পাইকপাড়া মডেল হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র। সিরাজগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা নিহত স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে।
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ব্রিজ এলাকায় গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৪০) নামে এক মহিলা মারা গেছেন। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
মুন্সীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির
লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ সদর উপজেলার খানকা দালালপাড়া গ্রামের ডোবা থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাত পরিচয় একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরণে নীল চেক লুঙ্গি ও নীল গেঞ্জি ছিল।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম বলেন, ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে লাশটি এখানে ফেলে রাখা হয়। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তাড়াইলে বজ্রপাতে একজন নিহত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামে গত রবিবার সন্ধ্যায় বজ্রপাতে আব্দুল মান্নান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। ফুলিয়াজুড়ি হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়।
দামুড়হুদায় বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার দর্শনার আকুন্দবাড়িয়া গ্রামে গতকাল সোমবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে তহমিনা (২৩) নামে এক গৃহবধূ মারা গেছেন। টেলিভিশনের ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নাজিরপুরে বিষপানে একজনের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিল ডুমুরিয়া গ্রামে গতকাল সোমবার পারিবারিক কলহের জেরে বিষপানে নিখিল হাজরা (৪৫) নামে একব্যক্তি আত্মহত্যা করেন। এ ঘটনায় নাজিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
