দুই জেলায় আয়করের সোয়া দুই কোটি টাকা আত্মসাত্!

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৫২

দিনাজপুর ও পঞ্চগড় কর অফিসে আয়করের দুই কোটি ২১ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পৃথক তিনটি মামলায় পাঁচ জেলা থেকে কর অফিসের ছয় কর্মচারী ও সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের পৃথক টিম দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও পঞ্চগড় কর অফিস ও সোনালী ব্যাংক দিনাজপুর করপোরেট শাখায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, কোতোয়ালি থানায় করা মামলায় গতকাল লালমনিরহাট কর সার্কেল অফিস থেকে দিনাজপুর কর সার্কেলের সাবেক প্রধান সহকারী মো. আব্দুল মজিদ, দিনাজপুর কর সার্কেল থেকে অফিস সহকারী নীরেন চন্দ্র সরকার ও অফিস সহকারী মো. আক্তারুজ্জামান ওরফে আপেল এবং সোনালী ব্যাংক দিনাজপুর করপোরেট শাখার ব্যাংক কর্মকর্তা মো. হাবিবকে গ্রেফতার করা হয়েছে।  পঞ্চগড় থানায় করা মামলায় কুড়িগ্রাম কর সার্কেল অফিস থেকে পঞ্চগড় কর সার্কেলের সাবেক অফিস সহকারী রফিকুল ইসলাম, নীলফামারী কর সার্কেল হতে পঞ্চগড় কর সার্কেলের সাবেক উচ্চমান সহকারী মো. ফিরোজ জামান ও পঞ্চগড় কর সার্কেল অফিস হতে নিরাপত্তা প্রহরী মো. রাজেকুল ইসলামকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে এদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

দুদক দিনাজপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবীর পলাশ জানান, করের টাকা কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে গত ২৮ এপ্রিল দিনাজপুর সোনালী ব্যাংক করপোরেট শাখা ও উপ-কর কমিশনার (আয়কর) কার্যালয়ে অভিযান চালায়  দুদক। অভিযানে টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এ ব্যাপারে দিনাজপুর ও পঞ্চগড় কর সার্কেল অফিস সংশ্লিষ্ট থানায় তিনটি পৃথক মামলা করা হয়।

গত ২০ মে দিনাজপুর কর সার্কেল-৯ এর সহকারী কর কমিশনার নাজনীন আক্তার নিপা করের ৫৬ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে দুটি মামলা করেন। মামলায় প্রধান সহকারী মজিদ, উচ্চমান সহকারী জাহেদ, অস্থায়ী অফিস সহকারী নীরেন ও আপেল, এক আয়কর আইনজীবীর সহকারী আতিক, সোনালী ব্যাংক দিনাজপুর করপোরেট শাখার ক্যাশ অফিসার হাবিব ও দিনাজপুর কর সার্কেলের অস্থায়ী স্টাফ মোকাররমকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরো আটজন ব্যাংক কর্মকর্তাকে আসামি করা হয়। সাত আসামির চারজনকে গতকাল গ্রেফতার করা হয়। 

অন্যদিকে গত ১৬ মে পঞ্চগড় কর সার্কেল-৯ এর সহকারী কর কমিশনার আফরোজা বেগম বাদী হয়ে করের এক কোটি ৬৪ লাখ ৬৯ হাজার ৭৯১ টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চগড় থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। এতে পঞ্চগড় কর সার্কেল অফিস সহকারী মো. রফিকুল ইসলাম, উচ্চমান সহকারী মো. ফিরোজ জামান, অফিস সহকারী ওবায়দুর রহমান, মাসুদ রানা, জালাল উদ্দীন ও আব্দুস সাত্তার এবং নিরাপত্তা কর্মী রাজেকুল ইসলামকে আসামি করা হয়। এছাড়াও সোনালী ব্যাংকের অজ্ঞাত আরো কয়েকজন কর্মকর্তাকে আসামি করা হয়। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়। দুদকের সহকারী পরিচালক পলাশ জানান, তিনটি মামলায় ১৪ জন আসামির সাতজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।