বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে এক দিনমজুরের বসত ঘরে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষরা তার বাড়ি দখল করেছে বলে অভিযোগ উঠেছে। দিনমজুর মোস্তফা মৃধা তার পরিবার-পরিজন নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।
উপজেলা নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী গ্রামের দিনমজুর মোস্তফা মৃধা’র সাথে প্রতিবেশী মান্নান সরদারের সাথে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বরিশাল আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মোস্তফা মৃধা অভিযোগ করেন, রবিবার গভীর রাতে এলাকার মান্নান সরদার একদল সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মোস্তফার পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের মালামাল লুট করে। এরপর তারা মোস্তফার বসত ঘর, গোয়াল ঘর ও খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই রাতে মোস্তফার বাড়ি দখল করে এক অংশে ঘড় উত্তোলন করে মান্নান ও তার লোকজন। গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মোস্তফা মৃধার সহোদর স্বপন মৃধা কান্না জড়িত কণ্ঠে বলেন, “প্রতিপক্ষ মান্নান সরদার জাল ডিগ্রী করে আমার পৈত্রিক বাড়িটি একাধিকবার দখলের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে বসতঘরে আগুন দিয়ে পুড়ে দেয়ায় এখন পরিবার নিয়ে খোলা আকাশে বসবাস করছি। গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, “ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে”।
