মাছ সবজিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৪৫
ঝিনাইদহে রমজানকে সামনে রেখে মাছ, সবজি, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। প্রতি কেজি ইলিশ সাড়ে ৮শ’ টাকা থেকে ১ হাজার, রুই কাতলা প্রতিকেজি ৪শ’ থেকে সাড়ে ৪ শ’, চিংড়ি ৭শ’-৮শ’, শিং-মাগুর ৮শ’ থেকে ৯শ’, টেংরা ৮শ’, তেলাপিয়া-পাঙ্গাস ২শ’, পুঁটি ৪শ’ থেকে ৫শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন পূর্বেও এসব মাছের দাম প্রায় অর্ধেক ছিল। বেগুন ৫০, পটল ২০ থেকে ৩৫, আলু ২২ থেকে ২৫, ঢেঁড়স ১৫ থেকে ২৫, উচ্ছে ৩০ থেকে ৫০, ঝিঙ্গা ২০ থেকে ৩০, কাঁচা মরিচ ৪০ থেকে ৮০, শসা ৩৫ টাকা দামে বিক্রি হচ্ছে। যা কয়েকদিনে আগেই দাম ছিল অর্ধেকের নীচে। মোটা চাল প্রতিকেজি ৩২, বিআর-২৮ চাল ৩৬ , কথিত মিনিকেট বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৬ টাকা কেজি দরে। মসুরির ডাল প্রতিকেজি ৯৫ টাকা, মুগ ডাল ১৩০ টাকা, ছোলা ৫০ টাকা, মাস কালাই ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পিঁয়াজের দাম প্রতি কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বাজারে সব ধরনের সবজির যোগান কমে যাওয়ায় দর বেড়েছে।