চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের বিরুদ্ধে রোগীদের জিম্মি করে চিকিত্সাসেবার নামে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হাটিরপাড়া গ্রামের কল্পনা আক্তার নোয়াখালী জেলার সিভিল সার্জেন্ট বরাবরে অভিযোগ করেন।
অভিযোগ থেকে জানা গেছে, কল্পনা তার শিশু কন্যা সোহানা (১ বছর ২ মাস) কে নিয়ে গত ১৪ জুন হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে কোন ডাক্তার না পেয়ে তিনি জরুরি বিভাগের ডাক্তার নজরুল ইসলামের কাছে কন্যাকে নিয়ে যান। এ সময়ে ডাক্তার নজরুল কল্পনার কাছে তার কন্যা চিকিত্সা এবং হাসপাতাল থেকে ওষুধ দিবে বলে ৫শ টাকা দাবি করলে কল্পনার কাছে থাকা ২শ টাকা ডাক্তার নজরুলকে দেন। এতে ডাক্তার নজরুল উত্তেজিত হয়ে কল্পনাসহ উপস্থিত রোগীদের সাথে অশোভন আচরণ করেন। তিনি আরো বলেন, হাসপাতালে আসলেই টাকা থাকে না। একটি সাদা কাগজে কয়েকটি ওষুধের নাম লিখে বাকি টাকা পরে দিয়ে যাওয়ার জন্য বলেন।
চিকিত্সক নজরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন জবাব দিতে পারেননি।
স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার খলিল উল্লাহ জানান, তিনি বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে অব্যশই ব্যবস্থা নিবেন।
