গৌরনদীর বৃক্ষ মেলায় বৃক্ষ নেই

আপডেট : ৩০ জুন ২০১৪, ২১:৪৬
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিনব্যাপী ফলজ বনজ বৃক্ষ ও প্রযুক্তি মেলা রবিবার উদ্বোধন হলেও মেলায় কোন বৃক্ষের চারা নেই। তাই আয়োজক কমিটি জনরোষ এড়াতে মেলা গেটে তালা ঝুলিয়ে রেখেছেন। এ নিয়ে এলাকাবাসীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সরকারি অর্থায়নে গৌরনদী উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলজ বনজ বৃক্ষ ও প্রযুক্তি মেলা আয়োজন করে। রবিবার মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্আলম খান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহামান হারিছ। গতকাল সোমবার গৌরনদীর তিন সাংবাদিক মেলা দর্শনের জন্য গেলে উপজেলা পরিষদ মিলনায়তনের গেট তালাবদ্ধ দেখতে পান। পরে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার মন্ডল এসে গেটের তালা খুলে দেন। একটি ষ্টলে ৫টি ফলজ চারা দেখো গেছে। এ মেলা দর্শনার্থীদের জন্য খুলে রাখা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার মন্ডল বলেন, এ বছর স্বরূপকাঠি থেকে নার্সারি কোন লোক গাছের চারা নিয়ে আসেনি। দর্শনার্থী না থাকায় গেট বন্ধ রেখেছি।