পানগাঁও বন্দরের টার্মিনাল ম্যানেজার বরখাস্ত

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৫৩

চট্টগ্রাম বন্দরের ডিটিএম এবং বর্তমানে পানগাঁও বন্দরের টার্মিনাল ম্যানেজার গোলাম মোহাম্মদ সরওয়ারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সভায় তার সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি ইতিপূর্বে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব থাকাকালীন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত কন্টেইনারের বিশেষ অনুমতির নামে রমরমা বাণিজ্য সংক্রান্ত সংবাদের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পত্রিকায় প্রতিবাদলিপি প্রদান করায় এবং অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান।

সূত্রে জানা যায়, এ সংক্রান্তে কতিপয় ঘটনার প্রেক্ষিতে তাকে চট্টগ্রাম বন্দর থেকে বদলি করা হয়। তবে অন্য একটি সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া দুই শতাধিক কন্টেইনার খালাস নিয়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অবশ্য চট্টগ্রাম বন্দর থেকে ওই সকল কন্টেইনার কাস্টমসের পত্রের প্রেক্ষিতে খালাস দেওয়া হয়েছে বলে চট্টগ্রাম বন্দর থেকে দাবি করে আসা হচ্ছে। যদিও পরবর্তীতে জানা যায়, কাস্টমসের পক্ষ থেকে যে পত্র দেওয়া হয়েছে তা জাল ছিল।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার প্রত্যাহার

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে গতকাল মঙ্গলবার প্রত্যাহার করা হয়েছে। তাকে অনতিবিলম্বে দায়িত্ব প্রদানের জন্য বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ ফখরুল আলমকে। তিনি ইতিপূর্বে চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার ছিলেন।