শৈলকুপা উপজেলার চতুরা গ্রাম থেকে সম্প্রতি ৩ জন যুবককে ঢাকায় ভাল চাকরির প্রলোভন দিয়ে ভারতে পাচার করেছিল একটি চক্র। এদের মধ্যে দু’জন পালিয়ে আসতে সক্ষম হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছে। চতুরা গ্রামের আব্দুল আজিজ ফকির সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন, একই গ্রামের হারুন অর রশিদ ২০ মার্চ তার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ। ১০ এপ্রিল এ ব্যাপারে শৈলকুপা থানাতে একটি জিডি করা হয়। এরপর ৩ জুন তিনি ৩ জনকে আসামি করে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা করেছেন। চতুরা গ্রামে সরেজমিনে তদন্তেকালে ভারতে পাচার হওয়া আব্দুল করিমের বাবা আবু বকর জানান, এসএসসি পরীক্ষার পর তাদের গ্রামের হারুন ঢাকায় ভাল চাকরি দেয়ার কথা বলে তার ছেলেকে ভারতে পাচার করে দেয়। সেখানে অন্ধ্রপ্রদেশে এক ঠিকাদারের অধীন কাজ করত। অনেক চেষ্টা করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, বিষয়গুলো তদন্ত করে দেখবেন।
