ঐক্যের প্রয়োজন অস্বীকার করে একলা চলার সময় এখনও আসেনি: ইনু

আপডেট : ২৮ মে ২০১৯, ২২:৫৩

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ঐক্যের সাফল্যের উপরই শেখ হাসিনার সরকার দাঁড়িয়ে আছে। ঐক্যের প্রয়োজন অস্বীকার করে একলা চলার সময় এখনও আসেনি। জঙ্গিবাদ ও সামপ্রদায়িকতার রাজনৈতিক ধ্বংসস্তুপের উপর উদার গণতান্ত্রিক অসামপ্রদায়িক আদর্শ ও সংস্কৃতির সুফলা জমি তৈরি করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সদ্যপ্রয়াত ঢাকা মহানগর জাসদ নেতা আজিজুর রহমান রাজার শোক সভায় তিনি এসব কথা বলেন।

আজিজুর রহমান রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনু বলেন, দেশ ও জনগণের জন্য কাজ করার সাহস সবার থাকে না। যারা দেশকে ও মানুষকে নিজের পরিবারের স্বার্থের উপরে স্থান দিতে পারে তারাই দেশের কাজ, মানুষের জন্য কাজ করার সাহস রাখে।

সভায় জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, দেশ ও মানুষের প্রতি ভালোবাসাই প্রয়াত রাজার মধ্যে উন্নত রাজনৈতিক চেতনা তৈরি করেছিল। ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতার, জাসদের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, আজিজুর রহমান রাজার স্ত্রী ফারজানা রহমান, পুত্র তায়েফুর রহমান হূদয়, কন্যা আফরোজা আক্তার, জাসদের সহ-সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।