ড্র করলো আবাহনী মোহামেডান

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:০১
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। এদিন দুর্দান্ত খেলেও জয় ছিনিয়ে নিতে পারেনি আবাহনী। লিগের আগের দুই সাক্ষাতে একে অপরের বিপক্ষে জয় লাভ করে আবাহনী-মোহামেডান। ২২ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থান অক্ষুণ্ন রাখলো ধানমন্ডির ক্লাব আবাহনী। সমান খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়ে গেলে মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার শুরু থেকেই মোহামেডানের উপর চাপ সৃষ্টি করে আবাহনী। খেলার ৯ মিনিটের মাথায় ডি বক্সের বাম পাশ থেকে ওয়ালী ফয়সালের দেয়া পাস থেকে বল পেয়ে শটে গোল দেন আবাহনীর ঘানাইয়ান ফরোয়ার্ড ওসাই মরিসন। ২৬ মিনিটে আবাহনীর লিওনিন্দ সোয়ারেজ ডি বক্সের উপর থেকে কিক করলে তা রুখে দেন মোহামেডানের গোলকিপার মামুন খান। দ্বিতীয় দফায় মিশুর উদ্দেশ্য বিহীন পাস নিজের গ্রিপে নেন মামুন। ৪০ মিনিটে আবাহনীর আইডু ইব্রাহিমকে রুখে দেন মামুন খান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডি বক্সের ডান পাশ থেকে বল পেয়েও আবাহনীর জালে জড়াতে ব্যর্থ হন মোহামেডানের জঙ্গ ওসেনি। ৪৮ মিনিটে বামপ্রান্ত থেকে মোহামেডানের ডিফেন্ডার তপু বর্মন ক্রস করলে বক্সের ভিতর ওয়াহেদ আহমেদ সেই বলে মাথা ছোঁয়ালে তা আবাহনীর জালে স্পর্শ করে (১-১)। ৫৯ মিনিটে বাম পাশ থেকে মোহামেডানের মাঝ মাঠের খেলোয়াড় ইউসুফ সিফাতের বাড়িয়ে দেয়া পাস থেকে বল পেয়েও গোল নিশ্চিত করতে ব্যর্থ হন সতীর্থ ওয়াহেদ। ৭৪ মিনিটে ডি বক্সের উপর থেকে বল একা পেয়েও আবাহনীর জালে জড়াতে ব্যর্থ হন মোহামেডানের মাঝ মাঠের খেলোয়াড় ওয়াহেদ। ৮০ মিনিটে মোহামেডানের ওয়াহেদ বক্সের ভেতরে বল পেয়েও শট করলে তা বারের পাশ দিয়ে বাহিরে চলে যায়। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় খেলা অমীমাংশিত থাকে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিম বিজেএমসির মুখোমুখি হবে উত্তর বারিধারা।