রাজশাহীতে মুরগী ব্যবসায়ী খুন

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:১৮
রাজশাহীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মুরগি ব্যবসায়ী আমির আলী (৪০) খুন হয়েছে। রবিবার রাত ১২টার দিকে পবা উপজেলার শীতলাই বাইশবিঘা গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত আমির আলী উপজেলার দামকুড়া কাদিপুর গ্রামের রাহাত উল্লাহর ছেলে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, আমির আলী সাইকেলের পেছনে খাঁচায় মুরগি নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতেন। রবিবার রাতে মুরগি বিক্রি করে বাড়ি ফেরার পথে কে বা কারা তার ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আমিরের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সোমবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।