পদ্মা সেতু কারো নামে হবে না

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:৩৬
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই বঙ্গমাতা ফজিলাতুন্নেছার নামে নবনির্মিত পদ্মাসেতুর নামকরণের অনুরোধ করেছেন। তাদের এ অনুরোধটি যুক্তিসঙ্গত। তবে ওনার দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বলেছেন, কোনো ব্যক্তির নামে পদ্মা সেতু হবে না। পদ্মা সেতুর নাম পদ্মা সেতুই হবে। গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এ কেএম এনামুল হক শামীমের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আগামী ঈদের পর বিএনপির ‘আন্দোলনের হুমকি’ সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিগত ৫ বছর ধরে শুনছি ঈদের পর থেকে সরকার পতনের আন্দোলনে যাচ্ছে বিএনপি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ হুমকি কোন দিন কার্যকর হবে না। তিনি শামীমের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, শামীমের উপর হামলার বিষয়টা চোরাগোপ্তা হামলা। এদের কঠোর হস্তে দমন না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার, পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগের সদস্য সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত আলী সিকদার প্রমুখ।