পুলিশ কন্ট্রাক্ট কিলিং করে না

আপডেট : ৩০ জুন ২০১৪, ২২:৩৭
পুলিশ কন্ট্রাক্ট কিলিং (চুক্তি ভিত্তিক হত্যা) করে না বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। ডিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শ্রমিক লীগের দুই নেতা নিহত হওয়ার ঘটনায় স্বজনদের অভিযোগ প্রসঙ্গে তিনি গতকাল সোমবার এ কথা বলেন। এর আগে তিনি মতিঝিলে ফরমালিন বিরোধী প্রচারণার উদ্বোধন করেন। রবিবার ভোরে মতিঝিলে টিএন্ডটি স্কুল মাঠে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন শ্রমিকলীগ নেতা রমজান আলী জাবেদ ও জাকির হোসেন আকমল। পুলিশের দাবি, তারা ছিলেন ছিনতাইকারী। অন্যদিকে নিহতদের পরিবার বলছে, টাকার বিনিময়ে তাদের হত্যা করেছে ডিবি। ডিএমপি কমিশনার গতকাল দুপুরে মতিঝিলের বিমান ভবনের সামনে ফরমালিন বিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানোর কার্যক্রম উদ্বোধন করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ পর্যায়ে তাকে বন্দুকযুদ্ধ প্রসঙ্গে প্রশ্ন করা হয়। ডিএমপি কমিশনার বলেন, ছিনতাইকারীরা প্রকাশ্যে মানুষকে গুলি করে টাকা নিয়ে যাবে, আর আমরা হাত-পা গুটিয়ে বসে থাকব, তা হাতে পারে না। পুলিশের ওপর, সাধারণ মানুষের ওপর গুলি করে কেউ পালিয়ে যাবে-এমনটা চলতে দেয়া হবে না। নিহতদের পরিবারের অভিযোগের জবাবে তিনি আরও বলেন, তারা দু’জনই অবৈধ আয় করতেন এবং ঐ আয় দিয়ে তাদের সংসার চলতো। তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অসংখ্য অভিযোগ রয়েছে। ফরমালিন বিরোধী প্রচারণার অংশ হিসেবে রাজধানীর এক লাখ যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানোর কার্যক্রম হাতে নিয়েছে পুলিশ। আল-আরাফা ইসলামী ব্যাংক এতে অর্থায়ন করছে। এই আয়োজন প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের বাসিন্দাদের মধ্যে এখন ফরমালিনের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। রাজধানীর আটটি প্রবেশপথে আগে যে পরিমাণ ফরমালিনযুক্ত ফলের গাড়ি ঢুকতো, তা এখন অনেক কমে গেছে। সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চেয়ে কমিশনার বলেন, আমরা সবাই যদি সচেতন হই, তাহলে এ সমস্যা থাকবে না। যারা খাদ্যদ্রব্যে ফরমালিন মেশান, তারা আপাতত এ কাজ থেকে বিরত রয়েছেন। আমরা আশা করব সবাই এ কাজ থেকে স্থায়ীভাবে বিরত থাকবেন। অনুষ্ঠানে আল আরাফা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, পরিচালক এম এ মালেক ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।